খালেদার জন্য প্রস্তুত খুলনা
তত্ত্বাবধায়কের দাবিতে গণসংযোগের অংশ হিসাবে জনসভা করতে যশোর থেকে খুলনার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
রোববার বেলা ১২টায় যশোর সার্কিট হাউজ থেকে তার গাড়িবহর রওনা হয়। যাত্রার আগে সার্কিট হাউজ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনে নেতাদের সঙ্গে বৈঠক করে তৃণমূল পর্যায়ে আন্দোলনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নিদের্শ দেন খালেদা জিয়া।
দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
বিরোধী দলীয় নেতা বিকালে খুলনা সার্কিট হাউজ মাঠে ১৮ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। বেলা ২টায় এই জনসভার কার্যক্রম শুরু হবে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘“বিরোধী দলীয় নেতা খুলনা পৌঁছে সার্কিট হাউজে কিছুক্ষণ অবস্থানকরে পরে জনসভায় যোগ দেবেন।’’
তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলনকে বেগবান করতে এর আগে গত ৮ সেপ্টেম্বর নরসিংদী, ১৫ সেপ্টেম্বর রংপুর ও ১৬ সেপ্টেম্বর রাজশাহীতে জনসভা করেন খালেদা জিয়া।
জনসভা প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে। জনসভায় খুলনায় স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগম হবে বলে আমরা আশা করছি।”
এদিকে খালেদা জিয়ার সফর উপলক্ষে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে খুলনা মহানগরের বিভিন্ন সড়ক। বিরোধী দলীয় নেতাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। রাতে নগরীর সড়কপথ-মোহনায় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
বিএনপির মহানগর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মঞ্জু জানান, জনসভাস্থলের বিভিন্ন পয়েন্টে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে সাতটি মেডিকেল ক্যাম্পও খোলা হয়েছে।
