২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতাল ডেকেছে শিবির

গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 05:51 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারে এই হরতাল পালিত হবে বলে জানান চট্টগ্রাম মহানগরী দক্ষিণের প্রচার সম্পাদক এ জামিল।

বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চট্টগ্রামের ৩৪ নেতাকর্মীকে মুক্তি না দিয়ে জেলে পাঠানো হয়েছে। এর প্রতিবাদেই বৃহত্তর চট্টগ্রামে হরতাল ডাকা হয়েছে।”

অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি না দিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুমকি দেন জামায়অতের ইসলামীর সহযোগী সংগঠনের এই নেতা। 

মঙ্গলবার ভোর রাতে নগরীর চন্দনপুরায় শিবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে ১০ নেতাসহ ৩৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর প্রতিবাদে নগরীতে ঝটিকা মিছিল করে ভাংচুর চালায় শিবিরের কর্মীরা। এসব কর্মসূচি থেকে ২৪ ঘন্টার মধ্যে ৩৪ জনকে মুক্তি না দিলে বৃহস্পতিবার আধাবেলা হরতালের হুমকি দেয়া হয়।

মঙ্গলবার বিকালে ওই ৩৪ জনকে আদালতে হাজির করলে বিচারক ১৭ সেপ্টেম্বর এনায়েতবাজারে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের একটি মামলায় তাদের কারাগারে পাঠান।

বুধবার সকালে বন্দরনগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে কয়েকটি যানবাহন ভাংচুর করে শিবির কর্মীরা। এ সময় নগরীর ডিসি হিল ও বহদ্দারহাট এলাকা থেকে ৩৩ শিবিরকর্মীকে আটক করে পুলিশ।