খালেদার জন্য প্রস্তুত রংপুর
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনমত গঠনে নরসিংদীর পর এবার রংপুরে জনসভা করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
রোববার বিকালে রংপুর জেলা স্কুল মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এই জনসভা হবে।
খালেদা জিয়ার সফর উপলক্ষে রংপুরের বিভিন্ন সড়ক সাজানো হয়েছে বর্ণিল সাজে। পুরো শহরেই দেখা যাচ্ছে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন। পাশাপাশি নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ।
জনসভা প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে।
“সভার কার্যক্রম শুরু হবে দুপুর ২টায়। আমরা আশা করছি, আজ এখানে স্মরণকালে মধ্যে সবচেয়ে বেশি লোকসমাগম ঘটবে।”
খালেদা জিয়া শেষ রংপুর এসেছিলেন ১৯৯৬ সালের অগাস্টে। ওই সময় জাতীয় সংসদের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়েছিলেন তিনি।
এরপর অষ্টম ও নবম সংসদ নির্বাচনের সময় রংপুরের ওপর দিয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও গেলেও রংপুরে কোনো জনসভা করেননি।
প্রধানমন্ত্রী থাকার সময় ২০০৬ সালের অক্টোবরে লালমনিরহাট যাওয়ার পথে মাত্র ঘণ্টার জন্য রংপুর থেমে কালেক্টরেট ভবনের ভিত্তিস্থাপন করেন তিনি।
ওমরাহ শেষে ঢাকায় নামার পর বাড়ির পথে খালেদা জিয়া। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলনে গতি আনতে বিরোধী দলীয় নেতা ৮ জেলায় জনসভার যে কর্মসূচি শুরু করেছেন, এটি তার দ্বিতীয়টি। গত ৮ সেপ্টেম্বর নরসিংদীতে বালুর মাঠে তিনি জনসভা করেন।
উত্তরাঞ্চলে এই সফর উপলক্ষে শনিবার বিকালে গুলশানের বাড়ি থেকে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন।
রংপুরের জনসভা শেষে বগুড়া ফিরে আসবেন বিরোধীদলীয় নেতা। সার্কিট হাউজে রাত যাপনের পর সোমবার সড়ক পথে রাজশাহী যাবেন। সেখানে স্থানীয় মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
