সংসদ নির্বাচনে ‘প্রার্থী হতে চান’ মহিউদ্দিন
মেয়র নির্বাচনে অংশ নেবেন না- এমন ঘোষণার পর চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে ঘিরে নগরীর রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে।
কেউ বলছেন, সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্যই তার ওই ঘোষণা। অবশ্য সিদ্ধান্ত জানতে অপেক্ষায় থাকতে বলছেন মহিউদ্দিন চৌধুরী।
মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি তিনি।
বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে আর মেয়র নির্বাচন না করার ঘোষণা দেন মহিউদ্দিন।
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে কথা বলা হয় চট্টগ্রামে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে।
সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে মহিউদ্দিনকে ‘স্বাগত’ জানাবেন নগরীর বন্দর-পতেঙ্গা আসনের সাংসদ এম এ লতিফ।
এদিকে শনিবার নগরীর মুসলিম হলে নগর আওয়ামী লীগের তৃণমূল নেতাদের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় নগরীর চারটি সংসদীয় আসনে ‘গ্রহণযোগ্য’ প্রার্থীর বিষয়ে মতামত দেবেন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।
সাংসদ নুরুল ইসলাম বলছেন, নিজের নির্বাচনের ইচ্ছা তৃণমূলের নেতাদের দিয়ে বলাতেই শনিবার মতবিনিময় সভা আয়োজন করেছেন মহিউদ্দিন।
তবে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী সংসদ নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ রাখতে এবং প্রার্থী বিষয়ে তৃণমূলের আকাঙ্ক্ষা জানতেই এ আয়োজন। প্রতি আসনে তিনজন করে আগ্রহী প্রার্থীর নাম ঘোষণা করবেন তৃণমূল নেতারা। পরে এ বিষয়ে প্রতিবেদন কেন্দ্রে পাঠানো হবে।
সভায় নগরীর ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫টি থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক কাউন্সিলররা উপস্থিত থাকবেন।
নগরীর ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে ২৫টির সম্মেলন শেষে নতুন কমিটি হয়েছে। ১৫টি থানা কমিটির মধ্যে ১১টি থানা কমিটিই পুরনো। অন্য চার থানা কমিটি এখনো গঠন করা হয়নি।
সভার নেপথ্যে প্রার্থীর নাম প্রস্তাব
মতবিনময় সভা আহ্বানের বিরোধিতা করেছে কোতোয়ালি আসনের বর্তমান সাংসদ নুরুল ইসলাম বিএসসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে কেউ জানায়নি। ঢাকায় সংসদ অধিবেশন চলছে। আমি আসতে পারব না। প্রধানমন্ত্রী যখন তৃণমূল নেতাদের নিয়ে বসছেন তখন আবার কেন এই আয়োজন?
“চকবাজার ও সদরঘাটসহ কয়েকটি থানা কমিটি হয়নি। নগর আওয়ামী লীগ সভাপতি হিসেবে তিনি (মহিউদ্দিন) ২০ সেপ্টেম্বরের আগে এসব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করবেন। তারপর তাদের দিয়ে ঢাকায় নিজের নাম ঘোষণা করাবেন। শনিবারের সভাও উনার পক্ষে বলার জন্যই।”
২০ সেপ্টেম্বর চট্টগ্রামের তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে থানা পর্যায়ের নেতারা প্রার্থী বিষয়ে মতামত দেবেন।
এদিকে শুক্রবার নগরীর বিভিন্ন স্থানে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ শুরু করেছেন নুরুল ইসলাম।
এ বিষয়ে তিনি বলেন, “আমি তো আমার জন্য ভোট চাইনি। লিফলেটে নৌকায় ভোট চেয়েছি। মহিউদ্দিন সাহেব আর মেয়র নির্বাচন করবেন না বলেছেন। তাহলে তিনি সংসদ নির্বাচন করবেন। তিনি কোতোয়ালি আসনেই নির্বাচন করতে চান।”
সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ওপর প্রার্থী হওয়া নির্ভর করে না। দলীয় প্রধান যাকে মনোনয়ন দেন তিনিই নির্বাচন করবেন।
মতবিনিময় সভাকে ভালো উদ্যোগ আখ্যায়িত করে সাংসদ এম এ লতিফ বলেন, “এলাকায় কার জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা আছে এতে তা বোঝা যাবে। গঠনমূলক এ উদ্যোগ অবশ্যই গণতান্ত্রিক।”
বন্দর আসনের সাংসদ লতিফ বলেন, “নগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে মহিউদ্দিন চৌধুরী নির্বাচনে অংশ নিতে চাইতেই পারেন। তাকে আমি স্বাগত জানাই। তবে দল সিদ্ধান্ত নেবে কাকে মনোনয়ন দেবে।”
নগরীর আরেক সাংসদ ডা. আফসারুল আমীন দেশের বাইরে আছেন।
তার অনুসারী নগর আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, মহিউদ্দিন চৌধুরী তিন বার মেয়র নির্বাচিত হয়েছেন। তার রাজনৈতিক জীবনে সাসংদ হওয়া ছাড়া সবই পেয়েছেন।
“তিনি নির্বাচন করলে কোতোয়ালি আসনেই করবেন বলেই ধারণা। উনি ইচ্ছা প্রকাশ করলে দলীয় সভানেত্রী হয়ত তাকে সম্মান দেখিয়ে এ আসনে মনোনয়ন দিতেও পারেন।”
কিন্তু এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে নারাজ মহিউদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বোঝা যাবে কি হয়। বুঝে শুনে বলব কি করব।”
সংসদ নির্বাচনে তার অংশগ্রহণ বিষয়ে দলীয় সাংসদের মন্তব্য জানিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমি কাউকে অনুকরণ করি না। কে কি বলল তার ওপরও আমার সিদ্ধান্ত নির্ভর করে না।”
