২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় গেলে মন্ত্রীদের হিসাব নেব: খালেদা

ক্ষমতায় গেলে মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব নেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 08:38 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

রোববার নরসিংদীতে এক জনসভায় তিনি বলেন, “আমরা দুর্নীতিকে শত্রু বলে মনে করি। এর বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব। আমরা ক্ষমতায় গেলে মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব দিতে হবে। তাদের জবাবদিহি করতে হবে।”

সুযোগ পেলে নতুন ধারার সরকার গঠনেরও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এই সাবেক প্রধানমন্ত্রী।

নতুন ধারার সরকার ও রাজনীতি সম্পর্কে খালেদা জিয়া বলেন, “নতুন ধারার সরকার কি তা এখনই নয়, আরেকটু পরে প্রকাশ করবো। এখন বললে তা ক্ষমতাসীনরা নিজেরা নিজেদের বলে চালিয়ে দেবে। আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করবো না। আমাদের রাজনীতি হবে পরিবর্তনের।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

দোগরিয়ার বালুর মাঠে ১৮ দলীয় জোটের ওই জনসভায় তিনি বলেন, “আমরা দেশের সুশাসন প্রতিষ্ঠা করবো। দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, তথ্য প্রযুক্তির সম্প্রসারণ, বিদ্যুৎ ঘাটতি হ্রাসে ব্যবস্থাগ্রহণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দ্রুত ট্রেন সার্ভিস প্রবর্তন, গভীর সমুদ্র বন্দর স্থাপন, বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণে অগ্রাধিকার দেয়া হবে।”

তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনে দুটি পদ্মাসেতু নির্মাণ করা হবে। রাজধানীকে একটি সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলারও ঘোষণা দেন খালেদা।

“আমরা এই শহরকে সুন্দর একটি মহানগরীতে হিসেবে গড়ে তুলবো। যানজটের নিরসন করতে দ্রুত পদক্ষেপ নেবো।”

পোশাক শিল্পে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, “সাভারের রানা প্লাজার মালিক এখন কারাগারে জামাইয়ের আদরে রাখা হয়েছে। তার  নেতা মুরাদ জংকে এখনো ধরা হয়নি। লোকজন বলে থাকে সাভারের ওই রানা প্লাজা ভবনে মাদক ব্যবসা চলতো।”

শিক্ষার উন্নয়নে বিগত সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “আমরা নারীদের উন্নয়নে অনেক কাজ করেছি। তাদের শিক্ষা অবৈতনিক আমরাই করেছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। সব ছেলে-মেয়ে স্কুলে অধ্যায়নে ব্যবস্থা নেয়া হবে।”

“আমরা আগামীতে ক্ষমতায় গেলে শিক্ষকদের মান মর্যাদা বৃদ্ধি করব। স্বাস্থ্য সেবার উন্নয়ন ও স্বাস্থ্য খাতে দুর্নীতি নির্মূলে ব্যবস্থা নেয়া হবে।”