প্রধানমন্ত্রীর গায়ে আ.লীগের গন্ধ নেই, প্রশ্ন রফিকের
সংসদ বহাল রেখে নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা পূরণ হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
বৃহস্পতিবার মিরপুরে এক কর্মী সমাবেশে তিনি বলেন, “৯৬ তে কেয়ারটেকার সরকারের প্রধান হওযার কথা ছিল ওই সময়ের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি হাসান সাহেবের। ওই সময় আওয়ামী লীগ আন্দোলন করেছিল এই বলে যে হাসান সাহেবের গায়ে বিএনপির গন্ধ আছে।”
“তাহলে কি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গায়ে আওয়ামী লীগের গন্ধ নেই?”
সংসদের মেয়াদ উত্তীর্ণের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা।
সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালেরও দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
পল্লবী ও রূপনগর থানা বিএনপির এই কর্মীসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।
