নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকল আওয়ামী লীগ
সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বুধবার সাত বিভাগের সাত জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, যাতে আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে মতামত নেয়া হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে ওই সভারে শুরুতেই শেখ হাসিনা বলেন, সংবিধান অনুসারে আগামী নির্বাচন হবে।
অর্থাৎ সংসদ বহাল রেখে বর্তমান সরকারের অধীনে আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সাধারণ নির্বাচন হবে।
অন্যদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয়া বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে রয়েছে। নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার দাবিও রয়েছে তাদের।
দুই প্রধান দলের বিপরীত অবস্থানে নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের শঙ্কার মধ্যে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক শুরু করলেন শেখ হাসিনা।
ধারাবাহিক মতবিনিময় সভার প্রথম দিনে বিকাল থেকে রাত পর্যন্ত দিনাজপুর, জামালপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, লালমনিরহাট, গাজীপুর ও ভোলা জেলা, উপজেলা, থানা এবং প্রথম শ্রেণির পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
বৈঠকে প্রতিটি সংসদীয় আসনের তৃণমূল নেতাদের তিনজন করে প্রার্থীর নাম সুপারিশ করতে বলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে একশ’তে কাকে কত নম্বর দেবেন তা-ও লিখে দিতে বলেন।
এছাড়া প্রত্যেক সভাপতি ও সাধারণ সম্পাদককে ১০টি প্রশ্ন সম্বলিত একটি ফরম দেয়া হয়েছে। সভার চলার মধ্যেই সবাই এই ফরম পূরণ করে জমা দেন।
“২০০৮ সালেও এই নিয়মে মনোনয়ন দেয়া হয়েছিল। আমি দেখেছি, আমার আর তৃণমূল নেতাদের মতামত ৯০ শতাংশ সঠিক।”
২০০৮ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় আওয়ামী লীগ। ওই নির্বাচনের আগেও তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল।
শেখ হাসিনা বলেন, “আশা করি, অন্যান্য দলগুলো তৃণমূলের মতামত নিয়ে মনোনয়ন দেবে। যারা ত্যাগী, জনগণের সেবা করে, তারাই মনোনয়ন পাবে।”
গতবার প্রত্যেক জেলার নেতাদের সঙ্গে আলাদা বৈঠক হলেও এবার কয়েকটি জেলার নেতাদের সঙ্গে একসঙ্গে বৈঠক করছেন শেখ হাসিনা।
পর্যায়ক্রমে অন্য জেলার নেতাদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করবেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
