২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের ‘বিশেষ কমিটি’ স্থগিত

রাজধানীর একটি স্কুল ও কলেজে জাতীয় পার্টির চেয়ার‌ম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নেতৃত্বাধীন বিশেষ পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 07:49 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয়।

আগামী ছয় মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ওই বিশেষ কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন মো. সাগীর হোসেন লিওন।

এরশাদের নির্বাচনী এলাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের কমিটি নিয়ে হাই কোর্টের এই আদেশ হয়েছে।

সাগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ২৫ জুন ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়, যার মেয়াদ ছিল ২ বছর।

কিন্তু ওই কমিটি কাজ করতে পারছে না অভিযোগে গত ১৩ অগাস্ট বিশেষ পরিচালনা কমিটি করা হয়। নতুন কমিটিতে আগেকার সভাপতি এরশাদ বহাল থাকলেও বাকি ১৩ সদস্য বাদ পড়েন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইনের ৩৮/২ অনুচ্ছেদ অনুসারে কোনো নিয়মিত কমিটি বাতিল করতে হলে তাদেরকে কারণ দর্শানোর নোটিস দিতে হয়।

“এক্ষেত্রে তা মানা হয়নি। বিশেষ এই কমিটিতে এরশাদের আস্থাভাজনরা স্থান পেয়েছে,” বলেন সাগীর।