২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ২১ অগাস্ট হামলার ‘সুষ্ঠু’ তদন্ত চায়: ফখরুল

২১ অগাস্টের গ্রেনেড হামলায় বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার বিকালে তিনি সাংবাদিকদের বলেন, “বিএনপি সব সময় ২১ অগাস্টের গ্রেনেড হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ওই ঘটনার পর আমরা প্রতিবাদ সমাবেশও করেছিলাম।”

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। তাতে আওয়ামী লীগ প্রধান বেঁচে গেলেও প্রাণ হারান আইভি রহমানসহ অন্তত ২৩ জন।

গ্রেনেড হামলার বার্ষিকীতে সকালে এক সমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেন, “তারা বাংলাদেশকে ধ্বংস করবে। কাজেই বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামী চক্র থেকে দেশবাসীকে সজাগ থাকতে হবে।”

বিকালে নয়া পল্টনে এক সভার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক হীন উদ্দেশ্যে বিএনপি ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হেয় করতেই প্রধানমন্ত্রী মিথ্যা বক্তব্য দিয়েছেন।”

গ্রেনেড হামলার ওই মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ বিএনপি-জামায়াত-জোট সরকারের কয়েকজন মন্ত্রী আসামি।

ফখরুল বলেন, “এই মামলায় তারেক রহমানকে জড়াতে বার বার অভিযোগপত্র পরিবর্তন করা হয়েছে। কেবল তাই নয়, বার বার তদন্ত কর্মকর্তা পরিবর্তন এবং সর্বশেষ দলীয় ব্যক্তি আবদুল কাহহার আকন্দকে নিয়োগ দিয়ে সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানের নাম যুক্ত করা হয়েছে।”

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২১ অগাস্টের ঘটনাটির তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে। এরপর তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপি আমলের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে আসামির তালিকায় তারেক রহমান, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেন সিআইডির বিশেষ সুপার আব্দুল কাহহার আকন্দ।

ফখরুল বলেন, “মুফতি হান্নানকে জোর করে দীর্ঘদিন রিমান্ডে রেখে তারেক রহমানের নাম জড়িয়ে মিথ্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছিল। পরে হান্নান নিজেই আদালতে বলেছেন, তাকে নির্মম নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়।”

বিএনপি ২১ অগাস্টের হামলার সুষ্ঠু তদন্ত চায় বলে দাবি করে তিনি বলেন, “ওই ঘটনার পর সুষ্ঠু তদন্তের জন্য সরকার (বিএনপি সরকার) যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডকে নিয়ে এসেছিল। কিন্তু আওয়ামী লীগের নেতারা তাদের কোনো সহযোগিতা করেননি।

Image
File Photo

File Photo

“ঘটনার অন্যতম আলামত গুলিবিদ্ধ গাড়িটি তদন্ত টিম চেয়েছিল, কিন্তু তা দেয়া হয়নি।”

জঙ্গিবাদের সঙ্গে বিএনপি জড়িত- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলের নেতা ফখরুল বলেন, “বিএনপি সব ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা যখনি ক্ষমতায় ছিলাম, ওই জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছি।

“খালেদা জিয়ার শাসনামলে জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।”

চারদলীয় জোট সরকারের আমলে জঙ্গি সংগঠন জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানসহ কয়েকজন নেতাকে গ্রেপ্তারের কথাও তুলে ধরেন বিএনপির মুখপাত্র।

আওয়ামী লীগের সমালোচনা করে ফখরুল বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা আওয়ামী লীগই। ১৯৭৫ সালের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সময় বিএনপির জন্ম হয়নি। আওয়ামী লীগের ভেতর থেকে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

খন্দকার মোশতাকের নেতৃত্বে ওই হত্যাকাণ্ড ঘটেছিল।”

পুরনো খবর:

‘বিএনপি জামায়াত হেফাজত চক্র থেকে সজাগ থাকুন’