‘বিএনপি জামায়াত হেফাজত চক্র থেকে সজাগ থাকুন’
বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামী ‘চক্র’ থেকে দেসবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট নিহতদের স্মরণে বুধবার এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “এই দিনের কথা স্মরণ করে চিন্তা করতে হবে যারা ক্ষমতায় বসে প্রকাশ্য দিবালোকে বিরোধী দলের ওপর হামলা করতে পারে তারা দেশের কতটুকু মঙ্গল করবে?”
‘তারা’ বাংলাদেশকে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের দেশ’ হিসাবে প্রতিষ্ঠিত করবে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, “তারা বাংলাদেশকে ধ্বংস করবে। কাজেই বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামী চক্র থেকে দেশবাসীকে সজাগ থাকতে হবে ।”
“তাদের অত্যাচার, নির্যাতন, গ্রেনেড হামলাসহ এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।”
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত আওয়ামী লীগের এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার ঠিক আগে উপর্যুপরি গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সেই সময়ের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো ওই হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও নিহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৩ জন।
গ্রেনেড হামলার ওই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ বিএনপি জামায়াত-জোট সরকারের কয়েকজন মন্ত্রীও আসামি।
ওই হামলায় নিহতদের স্মরণে বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসাবে অস্থায়ী বেদীতে ফুল দেন। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসাবে নেতাকর্মীদের নিয়ে এবং ১৪ দলের পক্ষে আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ওই হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের ৫০টি পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
File Photo
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়কে ‘সন্ত্রাসের সময়’ হিসাবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, তারা ঠাণ্ডা মাথায় মানুষ হত্যা করতে পারে।এ ধরনের বিভৎস মৃত্যু কারো কাম্য নয়।এ ধরনের ঘটনা বাংলাদেশে আর চাই না।”
নৃশংস ওই হামলা চালানোর পর বিগত চার দলীয় জোট সরকারের সময় আলামত সংরক্ষণ না করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “তদন্তের নামে যে প্রহসন হয়েছিল তাও নিশ্চয় আপনাদের মনে আছে।”
প্রধানমন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, হামলার দিন আহত নেতাকর্মীদের উদ্ধারের জন্য পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আহতদের উদ্ধারে লোকজন এগিয়ে এলেও আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে, লাঠিপেটা করে। প্রতিবাদ মিছিলেও হামলা করা হয়।
“বিএনপির মন্ত্রী ও খালেদা জিয়ার ছেলে যে এই হামলার সঙ্গে জড়িত ছিল তদন্তে তাদের নাম উঠে এসেছে। তারা কীভাবে খুনীদের রক্ষা করেছে দেশবাসী তাও দেখেছে।”
বর্তমান সরকার ওই গ্রেনেড হামলায় আহতের তালিকা সংরক্ষণ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে আহতদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
“যারা আপনজন হারিয়েছেন তাদের তা ফেরত দিতে পারব না। যারা পঙ্গু হয়েছেন তাদেরকেও আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে না। আমিও যে পরিবারের সবাইকে হারিয়েছি,” কাতর কণ্ঠে বলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সরকার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে উল্লেখ করে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে দেশবাসীর দোয়া চান।
মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগ ও ১৪ দলের জ্যেষ্ঠ নেতারা এই সমবেশে উপস্থিত ছিলেন।
