‘পলিটিক্যাল স্লোগান দাও’
তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্যের প্রতিবাদে সভায় সংগঠনের নামে স্লোগান শুনে অসন্তোষ ঝেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার প্রথম প্রহরে অস্ট্রেলিয়া থেকে ফিরে সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সভায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। নবজাতক নাতনীকে দেখতে বিদেশ গিয়েছিলেন তিনি।
বৃষ্টির মধ্যেই সকাল সাড়ে ১১টায় এই সভা শুরু হয়। মহানগর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজেই এতে অংশ নেন।
সভা চলাকালে যুবদল ও ছাত্রদলের কর্মীরা কিছুক্ষণ পরপরই নিজ নিজ সংগঠনের পক্ষে স্লোগান দিচ্ছিলেন।
বিষয়টি দেখে ফখরুল যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরকে ডেকে বলেন, “এভাবে স্লোগান দেয়া বন্ধ কর। পলিটিক্যাল স্লোগান দাও।
নয়া পল্টনে মঙ্গলবার দলের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর।
সজীব ওয়াজেদ জয় গত সপ্তাহে যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে ২১ অগাস্ট গ্রেনেড হামলার বিষয় ধরে বলেছিলেন, “আমার মাকে হত্যার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন।”
২০০৪ সালের ২১ অগাস্টের হামলার ওই মামলায় সম্পূরক অভিযোগপত্রে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে আসামি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ছেলের ওই বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচার’ দাবি করে প্রেসক্লাবে প্রতিবাদ সভা ডাকে ঢাকা মহানগর বিএনপি।
সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এই সমাবেশে ফখরুল ছাড়াও বক্তব্য রাখেন মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, শামীমুর রহমান শামীম, সুলতান সালাহউদ্দিন টুকু, এ বি এম মোশাররফ হোসেন, শিরিন সুলতানা, হাবিবউন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
