২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাদের মুক্তি দাবি জামায়াতের

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত ট্রাইবুনালকে ‘প্রহসনমূলক’ দাবি করে ঈদের আগেই দলের শীর্ষ নেতাদের মুক্তি চেয়েছে জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 08:12 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

শুক্রবার জামায়াতের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই জামায়াত নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারকরা বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন দাবি করে আদালতের ঘোষিত রায় বাতিলেরও দাবি জানিয়েছে দলটি।

মুক্তিযুদ্ধে সময় হত্যা, লুটপাট, ধর্ষণসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্তদের বিচার করতে ২০১০ সালে কার্যক্রম শুরু করার পরে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকাররে ফাঁসির আদশে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এরপরের রায়ে যাবজ্জীবন দেয়া হয় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে, মৃত্যুদণ্ড দেয়া হয়েছে দলটির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আর ৯০ বছররে কারাদণ্ড দেয়া হয়েছে সাবেক আমির গোলাম আযমকে।

ট্রাইব্যুনালের বিভিন্ন রায়ের পর্যবেক্ষণে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতকেও যুদ্ধাপরাধী দল হিসেবে উল্লেখ করা হয়।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের ভুমিকার সমালোচনা করা হয় জামায়াতের বিবৃতিতে।

বিবৃতিতে দাবি করা হয়, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ঘাতক দালাল নির্মুল কমিটির বক্তব্যে প্রভাবিত হয়ে আদালত জামায়াতকে বেআইনিভাবে ‘ক্রিমিনাল অরগানাইজেশন’ হিসেবে উল্লেখ করেছেন। এটা আদালতের সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত।

প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ঈদের পর রায় কার্যকর করা হবে। সরকারের কোন কোন মন্ত্রী ফাঁসির রায় কার্যকরের ঘোষণা দিচ্ছেন। মামলা নিষ্পত্তির পূর্বে প্রধানমন্ত্রীর ও অন্যান্য মন্ত্রীগণের এ ধরনের ঘোষণা আদালতকে তাদের প্রত্যাশা অনুযায়ী রায় ঘোষণার নির্দেশনা প্রদানের শামিল।

জামায়াতকে ‘মেধাশুন্য’ করতে জামায়াত নেতাদের যুদ্ধাপরাধী বানানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, রাজনৈতিক ইস্যু ও বিতর্কসমূহ আদালতে টেনে এনে বিচার বিভাগের সাথে এক ভয়াবহ দ্বন্দ্বের অবতরণা করেছে বর্তমান সরকার। এর সুদূর প্রসারী ফল অত্যন্ত ভয়ংকর হবে বলে মনে করা হয়।