২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াত নিষিদ্ধ করাই এখন প্রধান কাজ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে যুদ্ধাপরাধের সঙ্গে দল হিসেবে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসার প্রেক্ষাপটে দলটি নিষিদ্ধের দাবি পুনরায় তুলেছে মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 05:13 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ডের পর বুধবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক সভায় এই দাবি জানানো হয়।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত চারটি মামলা বিশেষ করে গোলাম আযমের মামলার রায়ে যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

“তাই কেবল ব্যক্তি গোলাম আযম বা মুজাহিদ নয়, সংগঠন হিসেবে জামায়াতে ইসলামের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।”

রাশেদ খান মেননের সভাপতিত্বে এই বৈঠকে দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, নুরুল হাসান, ফজলে হোসেন বাদশা, হাফিজুর রহমান ভূঁইয়া, নুর আহমদ বকুল, মাহমুদুল হাসান মানিক, ইকবাল কবির জাহিদ এবং কামরূল আহসান অংশ নেন।