‘প্রধানমন্ত্রীর কথায় শকড’
পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ীদের ‘দুর্নীতিবাজ ও সন্ত্রাসী’ অভিহিত করে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মওদুদ আহমদ।
সংসদে রোববার অনির্ধারিত এক আলোচনায় বিএনপি নেতা বলেন, “আমরা শক্ড।
“আমি আশা করব, প্রধানমন্ত্রী তার বক্তব্যের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইবেন।”
শনিবার এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছিলে, “যারা সৎ, যারা উন্নতি করেছে- তারা ভোট পায়নি। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, সন্ত্রাসের সঙ্গে জড়িত, আন্ডারগ্রাউন্ড পার্টি আর খুনের সঙ্গে জড়িত, তারা জিতে এল।”
সম্প্রতি অনুষ্ঠিত পাঁচ সিটি কর্পোরেশনে বিরোধী দল সমর্থিতদের জয়ের প্রসঙ্গ ধরে শনিবার নিজের নির্বাচনী এলাকায় একই কথা বলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “প্রধানমন্ত্রী এই বক্তব্য দিয়ে ১৬ কোটি লোককে অপমানিত করেছেন।”
তিনি বলেন, এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে সরকার এখন জনবিচ্ছিন্ন।
