চবিতে ছাত্র ইউনিয়ন নেতা ‘লাঞ্ছিত’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের এক নেতাকে জোর করে শাটল ট্রেন থেকে নামিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ছাত্র ইউনিয়ন নেতা শামীমা ইয়াসমিন অভিযোগ করেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক সৌমেন দাশ বুধবার দুপুর দেড়টার দিকে তাকে জোর শাটল ট্রেন থেকে নামিয়ে দেন।
অবশ্য সৌমেন দাশ এ অভিযোগ অস্বীকার করেছেন।
শামীমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর দেড়টার ট্রেনে শহরে আসার জন্য আমি ভিএক্স বগির শেষ দিকে একটি আসনে বসলে সৌমেন দাশসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী আমাকে আসন ছেড়ে উঠে যেতে বলে।
“এ সময় আমি আসন ছাড়তে না চাইলে তারা আমাকে লাঞ্ছিত করে ট্রেন থেকে নামিয়ে দেয়।”
ছাত্রলীগ কর্মীরা শাটল ট্রেনের বিভিন্ন বগির উভয় পাশের ১২টি করে মোট ২৪টি আসন নিজের অনুসারী কর্মীদের জন্য দখলে রাখেন। এসব সিটে বগি গ্রুপের সদস্যরা ছাড়া অন্য কোনো শিক্ষার্থীকে বসতে দেয়া হয় না।
ছাত্র ইউনিয়ন নেতাকে ট্রেন থেকে নামিয়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে সৌমেন দাশ বলেন, “এ ধরনের ঘটনা বগিতে ঘটতে পারে। তবে এ সময় আমি বগিতে ছিলাম না।”
এ বিষয়ে প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বলেন, বিষয়টি তার কানে এসেছে। শামীমাকে বৃহস্পতিবার লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
