২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরবাসী যোগ্য প্রার্থীকেই বেছে নেবে: জাহাঙ্গীর

গাজীপুরবাসী সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া জাহাঙ্গীর আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 07:09 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার বেলা ১১টায় ৪৬ নম্বর কানাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বলেন, “আমি আশা করব ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।”

সার্বিক পরিস্থিতি দেখে সাবেক এই ছাত্রলীগ নেতার মনে হয়েছে, শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট গ্রহণ, কোথাও কোনো গোলযোগ নেই।

সাংবাদিকদের তিনি বলেন, “প্রধানমন্ত্রী দলীয় সমর্থন দেওয়ার কারণে দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”

গাজীপুর নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই জাহাঙ্গীর আলম একটি আলোচিত নাম ।

গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে আনারস প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন জাহাঙ্গীর।

তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে প্রচারণা চালান তিনি। এর মাঝে কয়েকদিন ‘অন্তরালে’ থাকার পর সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ওই সময় প্রকাশ্যে কেঁদেও ফেলেন।

জাহাঙ্গীরের এই সিদ্ধান্তের কারণে প্রথম দিকে তার সমর্থকদের মধ্যে হতাশা দেখা যায়।

জাহাঙ্গীর সরে দাঁড়ালেও নির্বাচনের নিয়ম অনুযায়ী তার আনারস প্রতীক রয়ে গেছে ব্যালটে। নির্বাচনী প্রচারের সময়ও নানা জায়গায় শোনা গেছে জাহাঙ্গীরের নাম।