২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনের উত্তাপ গাজীপুরে

কোনাবাড়ী কলেজ গেইট। মেঘলা বিকেলে শত শত মানুষের ভিড় একজনকে ঘিরে। নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী এসেছেন তার ক্ষমতাসীন জোট সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে প্রচারণায়।

রিয়াজুল বাশার

আশিক হোসেন, আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 03:43 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

পুরনো খবর:

সময় ঘনিয়ে আসায় ব্যস্ততাও বেড়েছে প্রার্থীদের

শুধু আইভী নন, মঙ্গলবার সারাদিনই আনাগোনা ছিল ক্ষমতাসীন জোটের জ্যেষ্ঠ নেতাদের। ১৮ দলীয় জোট সমর্থিত এম এ মান্নানের পক্ষেও চলছে জোর প্রচারণা। সাংস্কৃতিক কর্মী, নারী নেত্রী, শ্রমিক সংগঠনের নেতা, ধর্মীয় নেতা, গণজাগরণ মঞ্চ কর্মীও আসছেন নির্বাচনের এই প্রচারে।

সব মিলিয়ে গাজীপুর এখন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের মিলন মেলায় পরিণত হয়েছে।

দলের সমর্থন না পেয়েও প্রায় বছর দুয়েক আগে নির্বাচন করে জয়ী হয়েছিলেন আইভী। ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের নির্বাচনী প্রচারে এসে প্রথম দিনেই তিনি বেছে নিয়েছেন শিল্প অধ্যুষিত কোনাবাড়ী, যেখানে রয়েছেন হাজার হাজার পোশাক শ্রমিক। আইভির বাবা আলী আহমদ চুনকাও ছিলেন শ্রমিক নেতা।

নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এই শ্রমিকরাই ফলাফলে বেশ প্রভাব ফেলবেন বলে ধারণা করা হচ্ছে।

গণসংযোগের মাঝেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আইভি বলেন, “আমার বাবা ছিলেন শ্রমিক নেতা। শ্রমিকরা আমার ভাই, আমি তো তাদেরই লোক। তাই এখানে এসেই তাদের সঙ্গে দেখা করতে এসেছি।”

“এখানে আমার ভালোই লাগছে। আজমত উল্লা ভাইয়ের কথা শ্রমিকদের বলছি। তিনি কোয়ালিটিসম্পন্ন একজন মানুষ, তার নেতৃত্ব গুণাবলী আছে, সর্বোপরি তিনি একজন ভালো মানুষ। তাই আজমত ভাইয়ের কথা বলতে গাজীপুর এসেছি।”

প্রায় ২০ দিন আগে দেশের চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন জোট সমর্থিত প্রার্থীদের পরাজয় এবং বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে দুই দলের কাছেই আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে।

ভোটের অঙ্কেও গাজীপুর সিটি কর্পোরেশন সবচেয়ে বড়। এই সিটিতে মোট ভোটার ১০ লাখের বেশি। অন্যদিকে সদ্য অনুষ্ঠিত চার সিটি কর্পোরেশনে মোট ভোটর ছিল ১২ লাখ ২৯ হাজার ১৬১ জন।

সে হিসেবে এ সিটিতে ভোটের হার জাতীয় নির্বাচনে জনপ্রিয়তার ‘মাপকাঠি’ হিসেবে বিবেচিত হতে পারে বলে মন্তব্য গাজীপুর মহিলা কলেজের শিক্ষক ফরিদ আহমেদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্থানীয় নির্বাচন হলেও পরবর্তী সংসদ নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

গাজীপুরের ৬২ শতাংশই অন্য এলাকা থেকে এসে এখানে আবাস গেড়েছেন। আর তাই সবার লক্ষ্য এই বসতি স্থাপনকারী ভিন্ন এলাকার ভোটারদের।

অভিবাসী শ্রমিক নিয়ে গবেষণা করা ফরিদ আহমেদ বলেন, “বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে ভোটার। তাই সেইসব এলাকার নেতারা ছুটে আসছেন তাদের এলাকার মানুষের কাছে ভোট চাইতে। এজন্যও রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি বেশি আসছেন বলে মনে করা হচ্ছে।”