সময় ঘনিয়ে আসায় ব্যস্ততাও বেড়েছে প্রার্থীদের
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মঙ্গলবার প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান দুই মেয়র প্রার্থী।
আয়তনে দেশের সবচেয়ে বড় এই সিটি করপোরেশন নির্বাচনী প্রচার শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে, তাই প্রার্থীদের ব্যস্ততাও বেড়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খান গাজীপুর সিটি পশ্চিমদিকে ১ থেকে ১২ নম্বর ওয়ার্ডের কাশিমপুর, কোনাবাড়ি, দেওয়ালিয়া বাড়ি, বাইমাইল, রাজাবাড়ি, আমবাগ, পারিজাত, হরিণাচালা, জরুন ও জেলখানা গেইট এলাকায় প্রচার চালান।
গণসংযোগকালে আজমত উল্লা বলেন, ‘টঙ্গী পৌরসভায় দীর্ঘ দিন দায়িত্ব পালন কালে টঙ্গীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন দায়িত্ব পেলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নান গাজীপুর সদর উপজেলার ছয়দানা, মালেকের বাড়ি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় প্রচার চালান।
সকালে গণসংযোগের এক ফাঁকে চান্দনা চৌরাস্তা সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি আমরা।“
গণসংযোগের সময় আজমত উল্লার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, নূহ উল আলম লেলিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, “বিরোধী দল নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় ধূম্রজাল সৃ্ষ্টি করার অপচেষ্টা করছে। তবে এতে কোনো লাভ হবে না, জনগণ ব্যালটের মাধ্যমে এসবের জবাব দেবে।”
৮১ জন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নানের অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তারা সব সময়ই এ ধরনের অভিযোগ করে, এগুলো ভিত্তিহীন।”
মঙ্গলবার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লার পক্ষে সাবেক ক্রীড়াবিদ শফিউল আরেফিন টুটুল, বাদল রায়সহ কয়েকজন প্রচারে অংশ নেন।
বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নানের পক্ষে প্রচারে অংশ নেন কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, ওসমান ফারুক, হান্নান শাহ্, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, মীর মো. নাছির উদ্দিন প্রমুখ।
