রাজশাহীতে শিবিরের বোমাবাজি, আহত ৩
হরতালের সমর্থনে রাজশাহী মহানগরীতে শিবিরের মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর আরডিএ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছররা গুলি ছুঁড়লে তিন ফটোসাংবাদিকসহ পুলিশের এক সদস্য আহত হন।
আহত যুগান্তরের ফটোসাংবাদিক আবদুল্লাহ ইকবাল, এটিএন নিউজের ক্যামেরাম্যান রুবেল এবং ফটোসাংবাদিক গুলবার হোসেন জুয়েলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় শিবিরকর্মীরা আরডিএ মার্কেটের সামনের রাস্তায় একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালে, পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে এবং দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
“তাদেরকে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে শর্টগানের গুলি ও টিয়ার গ্যাস ছোঁড়ে।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সাইদুর রহমান বলেন, আহতদের গায়ে ছররা গুলির চিহ্ন রয়েছে।
ঘটনাস্থল থেকে পাঁচ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
