রিজভী আমান ফারুকের অভিযোগ গঠন ২০ অগাস্ট
পল্টন থানার দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুকসহ আঠারো দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।
আসামিদের মধ্যে ৪১ জনের পক্ষে মঙ্গলবার সময় চেয়ে আবেদন করা হলে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৬ এর বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ অগাস্ট নতুন দিন রাখেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেনসহ ১০৭ জন এদিন আদালতে হাজিরা দেন।
আসামিদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার কয়েকজন আসামি সংসদ সদস্য। তাদের জন্য সংসদ অধিবেশনের কারণ দেখিয়ে সময় চাওয়া হয়েছে।
এ আইনজীবী জানান, এ মামলার অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেল।
গত ১১ মার্চ বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দুটি মামলা হয়।
এর মধ্যে দ্রুত বিচার আইনের এ মামলায় গত ২৪ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
