‘সিটি নির্বাচনে পরাজয় সংকেত দিয়েছে’
সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতদের পরাজয় ভুল শোধরানোর সংকেত দিয়েছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার ভোলার চরফ্যাশন উপজেলায় তিনি বলেন, যে সমাজে ন্যায় বিচার হয়না তাকে সমাজ বলা চলে না। বিরোধীরা ন্যায় বিচারের বিরোধিতা করছে। তাকে প্রভাবিত করা চেষ্টা করছে।
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিদ্ধান্ত নিতে ভুল করলে বাংলাদেশ পাকিস্তান হবে। চারটি সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় আমাদের সংকেত দিয়েছে, ভুল সংশোধনের সুযোগ দিয়েছে,” বলেন কামরুল।
আইন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো অনির্বাচিত সরকার একদিনের জন্যেও আসবে না। বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
দেশে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে কামরুল বলেন, আতীতে বিচার বিভাগকে প্রভাবিত করা হয়েছিল। বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন। বিচারকগণ প্রভাবমুক্ত হয়ে নিরেপক্ষভাবে বিচার কাজ কার্য সম্পাদন করছেন।
দুপুরে চরফ্যাশনে তিনটি সাবরেজিস্ট্রি অফিস ও যুগ্ম জেলা জজ আদালত ভবন উদ্বোধন শেষে চরফ্যাশন ব্রজ গোপাল টাউন হলে এক সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ভিপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, নিবন্ধন মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান, ভোলা জেলা জজ আ ক ম জহিরুল আলম প্রমুখ।
