মন্দিরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরে একটি মন্দিরের বেশ কয়েকটি মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
সোমবার গভীর রাতে উপজেলার বাজারে পাঁচশ’ বছরের পুরোনো রাধাগোবিন্দ মন্দিরে এ চুরি হয় বলে পুলিশ জানিয়েছে।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার গোস্বামী জানিয়েছেন, চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে কয়েকশ’ বছরের পুরাতন আটটি নারায়ণ শিলা (কষ্টিপাথর), শনি মহারাজের মূর্তি, দুইটি গোপাল মূর্তি, বিগ্রহ, সোনা, রূপা, মুকুট, বাঁশি, পিতলের থালা-বাটি ও তামার জিনিসপত্রসহ কয়েককোটি টাকার সম্পদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মন্দিরের চারদিকে লোহার গ্রিল করা থাকলেও গভীর রাতে দুর্বৃত্তরা গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।
সকালে মন্দিরের সেবায়েত দরজা খুলে ভেতরে প্রবেশ করে সবকিছু লণ্ডভণ্ড দেখতে পান।
ক্ষয়ক্ষতির হিসাব জানতে চাইলে তপন কুমার বলেন, “প্রত্নতাত্ত্বিক সম্পদের হিসাব দেয়া কষ্টকর। তবে ৫শ’ বছররে পুরাতন এ মন্দিরের যা যা ছিল সব চুরি হয়ে গছে। এখনই টাকার অংকে ক্ষয়ক্ষতির হিসাব দেয়া সম্ভব নয়।”
তাড়াশ থানার ওসি আব্দুর রফিক বলেন, মঙ্গলবার সকালে তিনি ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুর রফিক।
