২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ‘দলীয়’ নিয়োগের অভিযোগ, তদন্ত চায় বিএনপি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রির্টানিং কর্মকর্তা কয়েকশ’  দলীয় কর্মকর্তাকে ভোটগ্রহণের দায়িত্ব দিয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরে এর তদন্ত চেয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 08:20 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সোমবার সকালে ধানমন্ডিতে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে এ দাবি জানান।

তিনি বলেন, “পত্র-পত্রিকায় আজ খবর প্রকাশিত হয়েছে, গাজীপুরে ৩৯২ জন দলীয় কর্মকর্তাকে ভোটগ্রহণের কাজে নিয়োগ দেয়া হয়েছে। অবিলম্বে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ তদন্ত করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।”

এছাড়া গাজীপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে অভিযোগ করে তিনি বলেন,  “নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না।”

Image
জনগণের স্বার্থেই খালেদার ভারত সফর: ফখরুল

জনগণের স্বার্থেই খালেদার ভারত সফর: ফখরুল

অনলাইন সংবাদ সংস্থা শীর্ষনিউজ ডটকম নতুন করে চালু উপলক্ষে ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শীর্ষ নিউজ ডটকমের যাত্রা শুরু হয় ২০০৯ সালের ১৭ অগাস্ট। এরপর ২০১১ সালে বিভিন্ন অভিযোগে এর সম্পাদককে গ্রেপ্তারের পর এটি বন্ধ হয়ে যায়।

বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন  তুলে মির্জা ফখরুল ইসলাম এ অনুষ্ঠানে বলেন, “এই কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না। গাজীপুর স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সঠিকভাবে হয়নি। সরকার প্রধানের চাপে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অথচ এ ব্যাপারে কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।”

আগামী ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে।

ওই নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনকে আহবান জানাব, সেখানে সেনাবাহিনী মোতায়েনে ব্যবস্থা নিন। দলীয় কর্মকর্তা নিয়োগের বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিন।”

এ সময় নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সরকার গণমাধ্যমের  প্রতি দমননীতি অনুরসরণ করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক শর্ত হচ্ছে- গণমাধ্যমের স্বাধীনতা। আওয়ামী লীগ কখনোই এই স্বাধীনতায় বিশ্বাসী ছিলো না। এজন্য  তারা ’৭৪ সালে চারটি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলো। ‘৯৬ সালেও তারা দৈনিক বাংলা- দৈনিক টাইমসসহ কয়েকটি পত্রিকা বন্ধ করেছিলো।

“এবার ক্ষমতায় এসে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, শীর্ষ নিউজ ডটকম ও  আমার দেশ বন্ধ করে দিয়েছে। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে রেখেছে।”

অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ বক্তব্য দেন।