২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপি যাবে না: খালেদা

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আবার জানালেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 11:59 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সংসদে বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, “দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশ নেবো না। কারণ দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা থাকে না।”

‘‘তাই সরকারকে বলব, সংঘাত নয়, এ বিষয়ে সমঝোতায় আসুন। গায়ের জোরে কথা না বলে দেশ ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।

এ সময়ে সরকার দলীয় সদস্যরা হাত নাড়িয়ে না সূচক জবাব দিলে বিরোধী দলীয় নেতা বলেন, “নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য হবেন আপনারা।”

সংবিধান সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে। আদালতের আদেশেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে সরকারের বক্তব্য।

খালেদা জিয়া বলেন, “সরকার এই ব্যবস্থা বাদ দিয়ে রাজনৈতিক সঙ্কটের জন্ম দিয়েছে। উচ্চ আদালতের এই বিষয়ে ৮ জন অ্যামিকাস কিউরির মধ্যে সাতজন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়েও দুটি নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে বলা হয়।”

সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে সরকারের সংবিধান সংশোধনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

“কিন্তু সংক্ষিপ্ত রায়ের খণ্ডাংশের ভিত্তিতে সংবিধান সংশোধন করেছেন প্রধানমন্ত্রী। এই পূর্ণ রায়ের আগেই সংবিধান বদলে ফেলায় এই রায়ের আর কোনো প্রাসঙ্গিকতাও থাকে না।”

“সুতরাং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার সংক্রান্ত ইস্যুর নিরসন ক্ষমতাসীন সরকারকেই করতে হবে। কারণ সাংবিধানিক সংশোধনী আনার মতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা বর্তমান সরকারেরই আছে, বিরোধী দলের নেই।”

সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তুলে ধরে নির্দলীয় সরকারের দাবি প্রত্যাখ্যানের জবাবে খালেদা বলেন, “এই সরকারকে কোনোক্রমেই তত্ত্বাবধায়ক সরকার বলা যায় না। বরঞ্চ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অসাংবিধানিক সরকারকে তাদের আন্দোলনের ফসল বলে ঘোষণা দিয়েছিলেন।”

বিরোধী দলের আপত্তির জবাবে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ায় বিষয়টি তুলে ধরে আসছেন সরকারি দলের নেতারা।

সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে খালেদা বলেন, “এই নির্বাচন সুষ্ঠু হলে আপনাদের জামানত বাজেয়াপ্ত হতো। যে সন্ত্রাস আপনারা করেছেন, তার তথ্য আমাদের কাছে আছে।

“আমাদের সময়ও সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আপনারা জয়ী হয়েছিলেন। নির্বাচন তখন সুষ্ঠু হয়েছিল। কিন্তু ওই সময়ে তারা (আওয়ামী লীগসহ তাদের সহযোগী দলগুলো) তত্ত্বাবধায়ক সরকারে দাবি থেকে সরে আসেনি।"

জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকারের নির্বাচন তুলনা হয় করা সঠিক হবে না উল্লেখ করে খালেদা জিয়া বলেন, "স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন এক নয়। শাসক দলের পক্ষ থেকে প্রায়শঃ যুক্তি দেখিয়ে বলা হয়, তাদের আমলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে। সুতরাং তাদের অধীনেই জাতীয় নির্বাচন হতে পারে। আমরা বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে বড় সমস্যা হচ্ছে, আস্থার সংকট। এই সংকট যতদিন থাকবে, ততদিন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন গ্রহনযোগ্যতা পাবে না।’’

২০০৭ সালের ফখরুদ্দীন আহমদের সরকারকে অবৈধ সরকার অভিহিত করে খালেদা জিয়া বলেন, "মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকার জাতীয় নির্বাচনে দুই বছর পিছিয়ে দিয়েছিল। তাদের অপকর্মের অজুহাত দেখিয়ে জাতীয় নির্বাচন কালীন সময়ে নির্দলীয় সরকার মানতে প্রধানমন্ত্রী অস্বীকার করছেন। প্রকৃত সত্য হচ্ছে, মইনুদ্দিন-ফখরুদ্দিনের সরকার ছিল অসাংবিধানিক অবৈধ সরকার।"

আগামী নির্বাচন নিয়ে সঙ্কট অবসানে আলোচনায় বিএনপির আপত্তি নেই বলেও জানান বিরোধীদলীয় নেতা।

“আমরা মনে করি, সংঘাত নয় সমঝোতার মাধ্যমেই এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানো যেতে পরে।”

তিনি সেই সঙ্গে বলেন, সরকারি দলের নেতাদের বক্তব্যে তাতে অনাগ্রহ প্রকাশ পেয়েছে।

“সরকারি দলের তরফ থেকে উত্তেজনাকর বিভিন্ন বক্তব্য দেয়া হচ্ছে। তারা বলছেন, ক্ষমতায় থেকেই নির্বাচন করবেন। বর্তমান প্রধানমন্ত্রীকে পদে বহাল রেখেই নির্বাচন হবে। এইসব যুক্তিহীন ও গায়ের জোরের কথায় সমস্যার কোনো সমাধান হবে না।”

বিরোধী দলের ওপর সরকার দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, “আওয়ামী লীগ আজও ভিন্ন মত মেনে নিতে পারে না। বিরোধী দল সহ্য করতে পারে না।”

বিরোধী দলকে যথাযথ মূল্যায়ন করা হয় না অভিযোগ করে তিনি বলেন, “নবম জাতীয় সংসদের শুরতে সংসদ নেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিরোধী দলকে সংখ্যা দিয়ে বিচার করবেন না, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি।

“বিরোধী দলের সঙ্গে যে আচরণ করা হয়েছে গত চার বছরে, তা কালো অধ্যায় হয়ে থাকবে।”

সংসদে অশালীন ভাষা ব্যবহারের সমালোচনা করে বিরোধী নেতা বলেন, “জাতীয় সংসদে যে ধরনের ভাষা ব্যবহার হচ্ছে, তাতে নতুন প্রজন্ম আমাদের কাছে শিখছে, তা আমাদের তলিয়ে দেখা দরকার।”

অশালীন ভাষা ব্যবহারের জন্য সরকারি দলকেই দায়ী করেন তিনি।

জিএসপি সুবিধা বাতিলের জন্য যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করেননি বলে দাবি করেন বিরোধীদলীয় নেতা।

গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করে এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন প্রকাশ করেন খালেদা।

গত ৩ জুন বাজেট অধিবেশন শুরুর প্রথম দিনে খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেন।

এর আগে বাজেট নিয়ে প্রতিক্রিয়া সংসদের বাইরে জানালেও এবার সংসদেই তা করছে বিরোধী দল। নবম সংসদে এটাই ছিল বিরোধীদলীয় নেতার প্রথম বাজেট আলোচনা।