তারেককে ‘মাফিয়া ডনের সহযোগী’ বলায় বিএনপির ওয়াক আউট
তারেক রহমানকে ‘মাফিয়া ডনের সহযোগী’ বলার প্রতিবাদে সংসদে এক দফা ওয়াক আউট করেছে বিএনপির সংসদ সদস্যরা।
বুধবার বিকালে সরকারি দলের আসাদুজ্জামান নূর বিদেশি এক সাংবাদিককে উদ্ধৃত করে এই কথা বলেন।
দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানকে নিয়ে এই বক্তব্যের প্রতিবাদ সঙ্গে সঙ্গে জানাতে থাকেন বিরোধী সদস্যরা। এক পর্যায়ে তারা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
এসময় এলডিপির সভাপতি অলি আহমদকেও বিএনপির সংসদ সদস্যদের অনুসরণ করতে দেখা যায়।
তবে সরকারি দলের সংসদ সদস্যের বক্তব্য শেষ হওয়ার পর পুনরায় ফেরেন বিরোধী সদস্যরা।
আসাদুজ্জামান নূর বলেন, “একজন বিদেশি সাংবাদিক লিখেছেন যে, তারেক রহমানকে বিদেশের একটি পাবে দাউদ ইব্রাহিমের একজন লোকের সঙ্গে দেখা গেছে। অর্থাৎ তিনি সেখানে বেশ ব্যয়বহুল জীবন যাপন করছেন। তিনি যদি একটি বড় দলের দায়িত্বশীল নেতা হয়ে থাকেন, তাহলে তিনি কেন বিদেশে পড়ে আছেন?”
বাজেটের ওপর আলোচনায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে বিরোধী দলের এক সংসদ সদস্যের বক্তব্যের জবাবে খালেদা জিয়ার লন্ডনে অবস্থানরত বড় ছেলের প্রসঙ্গ আনেন সরকারি দলের এই সদস্য।
উত্তরাঞ্চলের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর তামাক চাষ নিরুৎসাহিত করতে বিড়ি ও সিগারেটের শুল্ক আরো বাড়ানোর প্রস্তাব করেন। সংস্কৃতি খাতের বরাদ্দ বাড়ানোর দাবিও জানান তিনি।
