২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটে ফাটল দেখছেন জাতীয় পার্টির সাংসদ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন শরিক দল  জাতীয় পার্টির জ্যেষ্ঠ সাংসদ টি আই এম ফজলে রাব্বি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 09:05 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “মহাজোটে ফাটল দেখা দিয়েছে। এ জোটের শরিক জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করা হচ্ছে। মনে রাখতে হবে- জনগণ চাইলে ক্ষমতায় বসাতে পারে, আবার সরাতেও পারে।”

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাজোটে জাতীয় পার্টিকে যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানান দলটির এ সংসদ সদস্য।

মহাজোট  এখন ‘নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ’ বলেও মন্তব্য করেন তিনি।

রাব্বি বলেন, “আগেও বলেছি- মহাজোট এখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে। এর মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ফ্রি স্টাইলে কথা বলেন। কোনো বিষয়ে শরিকের মতামত নেয়া হয় না। একলা চলার পথ পরিহার করতে হবে। শরিককে মূল্যায়ন করতে হবে।”

‘অসংসদীয় ভাষা’

বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা এদিনও  সংসদে অসংসদীয় ভাষা ব্যবহারের কঠোর সমালোচনা করেন।

বিএনপির এম মাহবুব উদ্দিন খোকন সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, “এখন সংসদ হয়ে গেছে গালাগালির স্থান। আমার পরিবারের সদস্যরা এমন অসংসদীয় ভাষা ব্যবহার চায় না। জনগণ এমন সংসদ চায় না। সবাই এ ধরনের বক্তব্যকে নিন্দা করছে।”

মৃত ও সংসদে অনুপস্থিত কারো সম্পর্কে কুৎসা রটনা বা বক্তব্য না রাখতে স্পিকারের সহায়তা চান বিএনপির এ সাংসদ।

তিনি বলেন, “সংসদে আজ যে ইতিহাস সৃষ্টি হচ্ছে তার দায় সংসদ নেতা এড়াতে পারেন না। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবেন যাতে আগামীতে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি।”

সংসদে অশোভন শব্দ ব্যবহারে বিরোধী দলের ভূমিকাকে দায়ী করেন সরকারি দলের আবদুল মান্নান।

বিরোধী দলের সদস্যদের তিনি বলেন,  “প্রথম থেকেই দেখেছি- বিতর্কের সূত্রপাত বিরোধী দল থেকেই শুরু হয়েছে। তার জবাব দিতে গিয়ে কথা বললেই বিরোধী দল ওয়াকআউট করে।”

তাহের হত্যাকাণ্ড নিয়ে আদালতের রায়ের কথা তুলে ধরে ‘জিয়া ঠাণ্ডা মাথায় তাহেরকে হত্যা করে, বলতে হয়- খুনি জিয়া, তারা জিয়ার উত্তরসূরি’ মেহেরপুরের জয়নাল আবেদীন এমন বক্তব্য দিলেই বিরোধী দল হৈ চৈ শুরু করে।

এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিরোধী দলের উদ্দেশে বলেন,  “আগেই বলা রয়েছে- সবার বক্তব্য পরীক্ষা করেই বিধিবহির্ভূত  শব্দ এক্সপাঞ্জ করা হবে।”

বাজেট আলোচনায়  অন্যদের মধ্যে মাহমুদুস সামাদ চৌধুরী, আতিউর রহমান আতিক, মকবুল আহমেদ, ইকবালুর রহিম, সোলাইমান হক, শেখ আবদুল ওয়াহ্হাব প্রমুখ বক্তব্য দেন।