২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি রুচিশীল দল, জরিমানার প্রস্তাবে রাজি’

বিএনপিকে একটি ‘রুচিশীল’ দল দাবি করে মওদুদ আহমদ বলেছেন, তার দল সংসদে ‘অশালীন বক্তব্য’ বন্ধে জরিমানার প্রস্তাবকে সমর্থন করে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 09:40 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

মঙ্গলবার এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, “অশালীন বক্তব্য বন্ধে সরকারি দলের প্রস্তাবকে আমরা সমর্থন করি। আমরা আশা করি, এরপর সংসদে অশালীন বক্তব্য আর কেউ দেবেন না।”

টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিতির পর চলতি বাজেট অধিবেশনে প্রথম দিন সংসদে ফেরে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল।  

এরপর গত ৯ জুন থেকে বিরোধী দলের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, শাম্মী আখতার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নাজমা আক্তার, অপু উকিল, ফজিলাতুন নেছা বাপ্পীর পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য সংসদে উত্তাপ ছড়ায়।

অধিবেশন চলাকালে এ ধরনের ‘অশালীন’ ভাষা বন্ধে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে রুলিংও দিতে হয়। তাতে কাজ না হওয়ায় রোববার রানুর মাইক ছয়বার বন্ধ করে দেন স্পিকার।

সোমবার সংসদে কার্যপ্রণালী বিধির ২৭৪ ধারা অনুযায়ী ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে অশালীন শব্দের ব্যবহার বন্ধে জরিমানার দাবি জানান ক্ষমতাসীন দলের তরুণ সাংসদ জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, সংসদে প্রতি মিনিট বক্তব্য দিতে গিয়ে ‘জনগণের ঘামে ঝরা’ ৩০ হাজার টাকা ব্যয় হচ্ছে। এরপরও হাতে গোণা কয়েকজনের কারণে পুরো সংসদের ‘মর্যাদাহানি’ হচ্ছে।

স্পিকারকে কঠোর হওয়ার অনুরোধ জানিয়ে জুনাইদ বলেন, “এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। তাদের বক্তব্যে আমরা যেন অপমানিত না হই। অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ  করুন। শুধু এক্সপাঞ্জ করেই শেষ করা যাবে না; কারণ এর আগেই সরাসরি সম্প্রচারে তা পৌঁছে যাচ্ছে। প্রতিটি শব্দের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করুন।”

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্রি থিংকারস ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ বলেন, ‘‘ যদি আমাদের নেতা-নেত্রীর বিরুদ্ধে সরকারি দলের সদস্য অশালীন ভাষায় কথা বলেন, তখন আমি কি কোনো কথা বলতে পারব না? অতীতে এ রকম কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে আমরা এতোদিন সংসদে যাইনি। সংসদে গত কয়েকদিন ধরে এসব ঘটনা ঘটছে। এভাবে অশালীন বক্তব্য দেয়া আমাদের জন্য লজ্জাজনক।’’

মওদুদ বলেন, সরকারি দলের সদস্যরা যেহেতু জরিমানার প্রস্তাব দিয়েছেন, সেহেতু তারাও শালীনতা বজায় রেখেই কথা বলবেন।

এই বিএনপি নেতার অভিযোগ, সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলকে কথা বলতে দেয়া হয় না।

“অত্যন্ত পরিতাপের বিষয়, কোনো গুরুত্বপূর্ণ বিষয় তুললে সরকারের কাছ থেকে এর সদুত্তর পাওয়া যায় না। উল্টো ব্যক্তিগত আক্রমণ করা হয়।’’

‘নারায়ণগঞ্জে ভারতীয় কনটেইনার টার্মিনাল: কার স্বার্থে’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতপন্থী হিসাবে পরিচিত দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন।

অন্যদের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসভাপতি ফারুক আহমেদ, সাবেক সাংসদ অ্যাডভোকেট ফেরদৌসী আখতার ওয়াহিদা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফ্রি থিংকারস ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী আলোচনায় অংশ নেন।

নারায়ণগঞ্জে ভারতীয় টার্মিনাল স্থাপনে ভারতে দরপত্র আহবান, টিপাইমুখ বাঁধ নির্মাণ, আন্তঃনদী সংযোগ প্রকল্প, তিস্তার পানিবণ্টন  ও স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় সংসদে উপস্থাপন করেছেন বলে জানান মওদুদ।

তিনি বলেন,  “প্রত্যেকটি বিষয় আমি সংসদে তুলেছি। কিন্তু সরকারের কাছ থেকে কোনো স্বচ্ছ জবাব আমরা পাইনি। পররাষ্ট্রমন্ত্রী একটি বিষয়েরও সঠিক জবাব দিতে পারেননি। এর কারণ হচ্ছে- তার সরকারের নতজানু পররাষ্ট্র নীতি ও অদক্ষতা।”

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দলের অবস্থান তুলে ধরে মওদুদ আহমেদ বলেন, “তারা আমাদের একটি বৃহৎ নিকট প্রতিবেশী রাষ্ট্র। তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। তবে দাসত্বের বন্ধুত্ব চাই না।”

টিপাইমুখ  বাঁধ ও আন্তঃ নদী সংযোগ প্রকল্প সরেজমিনে পরির্দশনের জন্য একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের দাবি জানান বিএনপির এই নেতা।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাপে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মওদুদ  বলেন, “সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে- এটা বলে লাভ নেই।  এ কথা বলে জনগণকে আপনারা বিভ্রান্ত করতে পারবেন না। স্থানীয় সরকার নির্বাচন  ও জাতীয় নির্বাচন আকাশ-পাতাল তফাৎ। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়, এটা বুঝতে হবে।”

“দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাতে বিএনপি ও ১৮ দলীয় জোট অংশ নেবে না।”

পুরনো খবর:

সংসদে অশালীন শব্দের জন্য জরিমানার প্রস্তাব
চুদুরবুদুর ‘চলবে’