খালেদা জিয়া ফিরেছেন
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সোমবার রাতে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
গত ১৬ জুন সিঙ্গাপুর যান বিএনপি চেয়ারপারসন। তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন।
খালেদা জিয়ার অবস্থানের সময়ই ওই হাসপাতালে চিকিৎসা নেন মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
খালেদা জিয়ার এই সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘ষড়যন্ত্র’ করতে তার এই সফর।
তবে বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর ওই বক্তব্য নাকচ করে বলেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই দলীয় প্রধানের এই সফর এবং সিঙ্গাপুরে এরশাদের সঙ্গে কোনো সাক্ষাৎ তার হয়নি।
রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিরোধীদলীয় নেতা ঢাকায় ফেরেন।
বিমান বন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা।
স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ওসমান ফারুক, আবদুল মান্নান, ফজলুর রহমান পটল, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, মাহবুবউদ্দিন খোকন, সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, বিরোধীদলীয় ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও বিমানবন্দরে ছিলেন।
