বিরোধী দলের মেয়রদের অভিনন্দন কাদেরের
চার সিটি কর্পোরেশনে নবনির্বাচিত বিরোধী দল সমর্থিত মেয়রদের অভিনন্দন জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
অন্যদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিরোধী দল সমর্থিত প্রার্থীদের বিজয়ে গণতন্ত্রের জয় হয়েছে।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান এই দুই মন্ত্রী।
রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- চার সিটি কর্পোরেশনেই ক্ষমতাসীন দল সমর্থিত মেয়র প্রার্থীদের শোচনীয়ভাবে পরাজিত হয়।
ওবায়দুল কাদের বলেন, “যারা পরাজিত হয়েছে তাদের জন্য এটা ‘ওয়েক-আপ কল’। আগামী নির্বাচনে এর রেশ থাকবে এবং সতর্কবার্তা হবে।”
এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে ক্ষমতাসীন দলকে ভুল সংশোধনের পথ খুঁজতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এই নির্বাচন সরকারের জনপ্রিয়তা হারানোর প্রমাণ বলে মনে করেন কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “আমেরিকার নির্বাচনের চার মাস আগে ওবামার জনপ্রিয়তা কম ছিলো, আমাদের এখনো পাঁচ মাস সময় রয়েছে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য মনে করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নজির স্থাপিত হয়েছে।
“বিরোধী দল চায়, নির্বাচন নিরপেক্ষ হোক। নির্বাচন কমিশন যে দৃষ্টান্ত স্থাপন করেছে, স্বাধীন ও কতৃ্ত্বপূর্ণ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় নির্বাচন হবে, এতে আপত্তি থাকার কথা নয়।”
নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী ইনু বলেন, “এই ফলাফল গণতন্ত্রের বিজয় ঘোষণা করেছে।”
এটা সরকারের জনপ্রিয়তা হারানোর প্রমাণ কি না- জানতে চাইলে এনিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
