২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ বিপ্লব ঘটিয়েছে: বিএনপি

জনগণ চার সিটি কর্পোরেশনে ভোটের মাধ্যমে ‘নিরব বিপ্লব’ ঘটিয়েছে মন্তব্য করে নেতা-কর্মী-সমর্থকদের ‘ধৈর্য্য ধরার’ আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 07:10 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার রাতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিক বলেন, “চেয়ারপারসন খালেদা জিয়া চার সিটি কর্পোরেশনে দল ও জোটে নেতা-কর্মী-সমর্থকদের কেনো উস্কানিতে পা না দিতে বলেছেন।

রিজভী যখন এই ব্রিফিং করছিলেন তখনো চার শহরের পূর্ণাঙ্গ ফল পাওয়া যায়নি। তবে ততোক্ষণে বিএনপি সমর্থিত চার প্রার্থীর বিজয় কার্যত নিশ্চিত হয়ে গেছে। 

এর ঘণ্টা দুয়েকের মধ্যে রিটার্নিং কর্মকর্তারা ভোটের বেসরকারি ফল প্রকাশ করেন, যাতে সিলেটে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, বরিশালে আহসান হাবিব কামাল, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল ও খুলনায় মনিরুজ্জামান মনিকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে সংবাদ ব্রিফিংয়ে নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, “নির্বাচনের আংশিক ফলাফলে আমাদের সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। এতে উল্লসিত হওয়ার কিছু নেই। সবাইকে ধৈর্য্য ধারণ করতে বলা হচ্ছে।”

ভোটের বেসরকারি ফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতা-কর্মী-সমর্থকদের জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে অবস্থান করতে ‘নির্দেশ’ দেন এই বিএনপি নেতা।

ঢাকা থেকে এই নির্দেশনার মধ্যেই সিলেট ও বরিশালে নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষে ফল ঘোষণার সময় উত্তেজনা দেখান বিএনপি নেতাকর্মীরা।

রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল রোববার ঘোষণার কথা বললে বিএনপি সমর্থকরা তাৎক্ষণিকভাবে তা ঘোষণার দাবি তোলেন। বরিশালে রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানের দিকে পানির বোতলও ছুঁড়ে মারা হয়।

পরে দুই সিটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 

এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, “ফলাফলে এটা পরিষ্কার হয়ে গেছে, শত বাঁধা-বিপত্তির পরও চার সিটি কর্পোরেশনে জনগণ নিরব বিপ্লব ঘটিয়েছে। এর মাধ্যমে সরকারের অন্যায়-অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের রায় প্রকাশ পেয়েছে।”

পূর্ণাঙ্গ ফল দেখে বিএনপি পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলেও উল্লেখ করেন রিজভী।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে ভোট চলে। ক্ষমতাসীন ও বিরোধী দলের প্রার্থীরাসহ মোট ১২ জন চার শহরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফল ঘোষণা চলাকালেই চার সিটি কর্পোরেশনে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও সমন্বকারীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন খালেদা জিয়া।

রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গুলশানের কার্যালয়ে এসে নিচতলায় বিএনপির  ‘নির্বাচন পর্যবেক্ষণ কক্ষে’ প্রবেশ করে মোবাইল ফোনে তিনি চার শহরে নেতাদের সঙ্গে কথা বলেন।

খুলনায় বিএনপির সমন্বয়কারী সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, মনিরুজ্জামান মনি,  রাজশাহী থেকে মিজানুর রহমান মিনু, নাদিম মোস্তফা,  প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, বরিশালের সমন্বয়কারী মজিবুর রহমান সারওয়ার, প্রার্থী আহসান হাবিব কামাল ও সিলেটে শমসের মবিন চৌধুরী ও প্রার্থী আরিফুল হক চৌধুরী টেলিফোনে ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খালেদা জিয়াকে অবহিত করেন।

খালেদা জিয়া ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্রে থাকার পরামর্শ এবং কোনো ধরনের বিজয়োল্লাস প্রকাশ না করার নির্দেশ দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল আউয়াল মিন্টু, আবদুল কাউয়ুম, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।

পুরনো খবর:

সকালে ক্ষোভ, রাতে ইসির প্রশংসা