২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন শতভাগ সুষ্ঠু হচ্ছে না: বিএনপি

চার সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 09:39 AM

Updated : 25 Apr 2022, 06:52 PM

ভোটগ্রহণের সময়ই শনিবার দুপুরে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ ইসিতে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “সকাল থেকেই কমিশনাররা অনুপস্থিত ছিলেন, মনিটরিংও হয়নি। ইসির কার্যক্রমে আমরা সন্তুষ্ট নই।“

নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে ইসির দাবির প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু হচ্ছে বলে তারা মনে করেন না।

নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার কথা জানিয়ে এ্যানি বলেন, সিইসি তাদের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

বিএনপির প্রতিনিধি দলটি যখন ইসি সচিবালয়ে যান, তখন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ছিলেন না। তখন তারা নির্বাচন কমিশনার আবদুল মোবারকের সঙ্গে বৈঠক করেন। পরে তারা সিইসির সঙ্গে দেখা করেন।

প্রতিনিধি দলে থাকা বরকতউল্লাহ বুলু কমিশনার আবদুল মোবারককে বলেন, খুলনার কোতোয়ালি থানার ওসি বিরোধী দলের কর্মীদের মারধর করেছে। ভারপ্রাপ্ত একজন ডিআইজির স্ত্রী কেন্দ্রে প্রভাব খাটাচ্ছেন।

বরিশালে ১৮টি কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টকে বের করে দেয়া হয়েছে বলে বুলু অভিযোগ করেন।  

সিলেটে সদর উপজেলা চেয়ারম্যান এবং রাজশাহীর ক্ষমতাসীন দলের নেতারা ভোটে প্রভাব খাটাচ্ছেন বলেও অভিযোগ করেছে বিএনপি।

বিএনপি নেতা বলেন, “রিটার্নিং কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। আর মাত্র তিন ঘণ্টা বাকি রয়েছে ভোটের। এখনি সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না।”

স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে সুফল না পাওয়ায় ইসিতে এসেছেন বলে বিএনপি নেতারা জানান।

এক প্রশ্নের জবাবে এ্যানি বলেন, নির্দলীয় এ নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাদের জড়িয়ে পড়ার পরই বিএনপি এ ধরনের অভিযোগ জানাতে দলীয়ভাবে ইসিতে এসেছেন।

আবদুল মোবারক তাদের বলেন, “আপনাদের অভিযোগগুলো পেয়েছি। আমরা কার্যকর ব্যবস্থা নেবো।”

বেলা ২টার দিকে ইসি সচিবালয় থেকে ফেরেন বিএনপি নেতারা।

এর আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারদলীয় প্রার্থীর পক্ষে ভোট দিতে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “কারচুপি কিংবা চক্রান্ত করে ফলাফল সরকার দলের প্রার্থীর পক্ষে নেয়ার চেষ্টা হলে আমরা চেয়ারে হেলান দিয়ে বসে থাকব না। এর বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশালে নুরিয়া স্কুল, ইন্দ্রকাঠি, অন্ধ স্কুল, কিশোর মজলিশ, সাগরদি স্কুল, এ করিম আইডিয়াল স্কুল কেন্দ্র থেকে সরকারদলীয় প্রার্থীর কর্মীরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গেছে। ইন্দ্রকাঠি ও সাগরদি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন নিজেই কয়েকজন ভোটারকে মারধর করেছেন।

সিলেটে র‌্যাব সদস্যরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, হাউজিং এস্টেট গার্লস স্কুল কেন্দ্রে স্থানীয় উপজেলা চেয়ারম্যান আশফাক নিজে বসে সরকারদলীয় প্রার্থীর পক্ষে ভোট দিতে নিদের্শনা দিচ্ছেন।

খাসদবীর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫ নম্বর ওয়ার্ডে প্রিজাইডিং কর্মকর্তা নিজেই সরকারদলীয় প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরে বাক্সে ঢোকানোর সময় ধরা পড়েন বলে অভিযোগ করেছে বিএনপি।

খুলনার খালিশপুরের ১১ নম্বর ওয়ার্ড প্লাটিনাম স্কুল কেন্দ্রে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির এজেন্টদের র্যর‌্যাব আটক করেছে বলে অভিযোগ করেন রিজভী।

রাজশাহীর  মেহেরচণ্ডী ও দাসমারী কেন্দ্রে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

রিজভী বলেন, “প্রাপ্ত খবর থেকে বোঝা যায়, সরকার চার সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এক অশুভ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর পরিণাম শুভ হবে না।”