২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের ওয়াক আউটের মধ্যে সন্ত্রাসবিরোধী আইন সংশোধন

বিরোধী দলের ওয়াক আউটের মধ্যে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের বিল সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

২০০৯ সালে প্রণীত এই আইনে ফেইসবুক, টুইটার, স্কাইপ বা ইন্টারনেট থেকে পাওয়া তথ্য আদালতের সাক্ষ্য হিসাবে গ্রহণ করার বিধান যোগ করে মঙ্গলবার তা পাস হয়।   

আইন পাসের ঠিক আগে ওয়াক আউট করেন বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলের সংসদ সদস্য মওদুদ আহমদ বলেন,  “সন্ত্রাস দমনের জন্য নয়, বিরোধী দলকে দমনের জন্য এই আইনের অপব্যবহার হবে।

“বিরোধী দলকে দমনের জন্য যত ক্ষমতা দেয়ার তা দেয়া হয়েছে, এটি কালো আইন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।”

আইন পাসের আগে ওয়াক আউট করলেও কিছুক্ষণ পর বাজেটের ওপর আলোচনার শুরুতেই বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষে ঢোকেন।

‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল ২০১৩’ সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এটি কণ্ঠ ভোটে পাস হয়।

সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জাতিসংঘের বিভিন্ন রেজুলেশন ও কনভেনশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার লক্ষ্যে আইনে এই সংশোধন আনা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

গত ৩ মার্চ সংসদে বিলটি উত্থাপন করা হলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

ফেইসবুক, টুইটার, স্কাইপ বা যে কোনো ইন্টারনেট মাধ্যমে আলাপ-আলোচনা ও কথাবার্তা এবং স্থির বা ভিডিওচিত্র যাতে আদালতে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হয়, সে বিষয়টি সংসদীয় কমিটি আইনে যোগ করে।

এই আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অপরাধে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। অর্থদণ্ডের ক্ষেত্রে ২০ লাখ টাকা বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণের কথা বলা হয়েছে।

অপরাধ সংগঠনের প্রচেষ্টার জন্য সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম করাদণ্ডের বিধান করা হয়েছে। একই সঙ্গে অপরাধ সংঘটনের সাহায্য ও সহায়তার জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এই আইনে অন্য দেশের নাগরিকরা কোনো অপরাধ করলে তাদের সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড হবে।

আইনে বলা হয়েছে, কোনো অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়ে মামলা এবং তদন্ত শুরু করবেন।

এই বিলের ওপর জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “বিরোধী দলকে দমন করতে এই আইন পাস করা হলে আমাদের ওয়াক আউট করা ছাড়া কোনো বিকল্প থাকবে না।”

বিএনপির মাহবুবউদ্দিন খোকন বলেন, “গণআন্দোলনকে দমন করতে এই আইন। এই আইনে পুলিশকে সব ক্ষমতা দেয়া হয়েছে। আমরা ২০০২ সালে একটা আইন করেছিলাম। তা আমাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে।”

বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, “পুলিশবে সর্বোচ্চ ক্ষমতা দিতে এই আইন।”

“বিরোধীদলকে খড়গহস্তে দমন করতেই এই আইন,” বলেন স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম।

বিলের বিরোধিতা করে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের, হারুন অর রশীদ, নাজিম উদ্দিন, সৈয়দাআশিফা আশরাফী পাপিয়া, লুৎফুর রহমান, এ কে এম হাফিজুর রহমান, জেড আই এম মোস্তফা আলী, রেহানা আক্তার রানু, রাশেদা বেগম হীরাও বক্তব্য রাখেন।

জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠাতে তাদের প্রস্তাব কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। ফজলুল আজিম, জাফরুল ইসলাম চৌধুরী এবং মাহবুব উদ্দিন খোকনের সংশোধনী প্রস্তাবগুলোও নাকচ হয় কণ্ঠ ভোটে।

এই আইনে নিষিদ্ধ সংগঠন হিসেবে শাহাদাত-ই-আল হিকমা, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, জামায়াতুল মুজাহেদীন, হরকাতুল জিহাদ আল ইসলাম এবং হিজবুত তাহরীরের নাম উল্লেখ করা হয়েছে।