তারেককে ফেরত পাঠাতে কিছু করার নেই: ডানকান
লন্ডনে থাকা তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাজ্যের রাজনীতিকদের কিছুই করার নেই বলে জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান।
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তারেককে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদেররা প্রশ্ন করলে একথা জানান তিনি।
ডানকান বলেন, “আমি আপনাদেরকে এটা পরিষ্কার করে বলতে চাই যে আমাদের একটি স্বাধীন বিচার বিভাগ রয়েছে। সুতরাং এটা রাজনীতিবিদরা নির্ধারণ কারার মতো কোনো সিদ্ধান্ত নয়। কারণ আমরা এই সিদ্ধান্তটি নেয়ার মতো কোনো কর্তৃপক্ষ নই।”
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার খালেদা জিয়ার ছেলে তারেক ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে লন্ডনে যান। এরপর থেকে স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই রয়েছেন তিনি।
গত ২৩ মে লন্ডনে বিএনপির এক সভায় পাঁচ বছরে প্রথম যোগ দেন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক। এরপর তাকে নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়।
এর পরপরই দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচার মামলায় আদালত তারেককে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ইন্টারপোলের মাধ্যমে তারেককে দেশে ফিরিয়ে আনার চেষ্টার কথা বলছে সরকার। অন্যদিকে বিএনপির সূত্রের দাবি, তারেক লন্ডনে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন।
তারেক রাজনৈতিক আশ্রয় পেয়েছেন কি না- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ডানাকান বলেন, তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তির ‘আশ্রয় পদ্ধতি’ নিয়েও কোনো মন্তব্য করবেন না।
