মুলতবি প্রস্তাব ফিরিয়ে নিল বিএনপি
‘তত্ত্বাবধায়ক’ ফিরিয়ে আনার দাবিতে মুলতবি প্রস্তাব জমা দেয়ার পর তা প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।
সোমবার সংসদীয় সলের সভা শেষে নোয়াখালী-১ আসনের বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন তা প্রত্যাহার করে নেন।
৮৩ কার্যদিবস পর সংসদে যোগ দেয়ার আগে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “আমরা এই মুলতবি প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছি। সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয়েছে- আমরা তত্ত্বাবধায়ক সরকারের ওপর প্রস্তাব দেব না। আলোচনা করবো না।”
গত ২২ মে সংসদ সচিবালয়ে ওই প্রস্তাব জমা দেয়া হয়। কার্যপ্রণালী বিধির ৬২ বিধিতে দেয়া ওই নোটিসে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে কেয়ারটেকার সরকার পদ্ধতি পুনর্বহাল করার প্রস্তাব রাখা হয়েছিল।
প্রধান দুই দলের কথা চালাচালির মধ্যে বৃহস্পতিবার বিএনপি নেতা মওদুদ আহমদ আবারো বলেন, তারা কোনো প্রস্তাব সংসদে তুলবেন না।
ব্রিফিংয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ জানান, তারা সংসদে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “তবে নতুন স্পিকার অতীতের স্পিকারের মতো আমাদের কথা বলার সুযোগ থেকে বঞ্চিত করবেন না। এটা আমরা ‘সাইনিং লেডি স্পিকারের’ কাছ থেকে এটাই আশা করি।”
এরই মধ্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিএনপি সাংসদদের পুরো সময় থাকার আহ্বান জানিয়েছেন।
দীর্ঘ অনুপস্থিতির পর সোমবার বিকালে সংসদে ফেরেন বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা। অধিবেশন শুরুর ২০ মিনিটের মাথায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও শরিক দলগুলোর ৩৮ সংসদ সদস্য অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
