সংকট কেটে গেছে: সুরঞ্জিত
চার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী দেয়ায় জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘নৌকা প্রজন্ম গোষ্ঠী’ আয়োজিত এক আলোচনা সভায় দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, “চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী দিয়েছে। এতেই প্রমাণিত হয়, তারা নির্বাচনকে মেনে নিয়েছে। তাই নির্বাচন নিয়ে অতীতে সংকট থাকলেও বর্তমানে আর কোন সংকট নেই।”
নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তারিখ রয়েছে। বিএনপি প্রার্থী দিলেও নির্বাচনে সরকারের হস্তক্ষেপের আশঙ্কা করছে তারা।
বিরোধী দলের এই আশঙ্কাকে নাকচ করে সুরঞ্জিত বলেন, “নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা হাজি সেলিম, হুমায়ুন কবির মিজি ও অন্যান্য নেতারা।
