২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল-সংলাপ একসঙ্গে চলতে পারে না: হাছান

দলনিরপেক্ষ নির্বাচনের দাবিতে হরতাল ও সংলাপ একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 10:58 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংলাপ চাইলে তাদের হরতালের পথ পরিহার করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু নিরপেক্ষ সরকার প্রশ্নে তারা কোনো ছাড় দেবেন না জানিয়ে শনিবার বলেন, তাদের আন্দোলন চলবে। আবার সংলাপে বসতেও তারা রাজি আছেন।

তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ এ কথা বলেন।

‘সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে  ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠন।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক জিয়াকে ভবিষ্যত প্রধানমন্ত্রী অভিহিত করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, “তারা তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী উল্লেখ করে প্রচারণা চালাচ্ছেন, যিনি সন্ত্রাসী ও দুর্নীতিবাজ বলে প্রমাণিত। তাদের চাওয়ার মধ্য দিয়ে আমাদের কথা সঠিক বলে প্রমাণ হয়েছে। আর তা হলো- আমরা বলে আসছি বিএনপি দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের দল।”

নতুন প্রজন্মকে স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করারও আহ্বান জানান তিনি।

সভায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “দেশের এত অবক্ষয় হয়নি, রাজনীতিবিদরা এতো দেউলিয়া হয়ে যাননি যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক।

“দেশকে কলঙ্কিত করতে কিছু লোক তাকে প্রধানমন্ত্রী করার স্বপ্নে বিভোর রয়েছেন, কিন্তু সে স্বপ্ন পূরণ হবে না। কোন নষ্ট মানুষ দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না।”

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হলেও সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ‘চিকিৎসার জন্য’ লন্ডনে যান তিনি।

লন্ডনে অবস্থানরত তারেক সম্প্রতি বিএনপির এক দলীয় অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেন। গত ২০ মে পূর্ব লন্ডনের ওই অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ওপর চাপ দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

এরপর দেশে তার ওই বক্তব্যের সমালোচনায় মুখর হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। আর বিএনপির নেতারা তারেককে ভবিষ্যত প্রধানমন্ত্রী অভিহিত করে তাকে নিয়ে ভেবেচিন্তে কথা বলতে ক্ষমতাসীনদের হুঁশিয়ারি দেন।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তানের’ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়নের পরিচালনায় সংগঠনের সভাপতি হুমায়ূন কবীর বলেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয় আছে। তাদের ঐক্যবন্ধভাবে প্রতিহত করতে হবে।

অন্যদের মধ্যে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ড.কামরুল হাসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

আন্দোলনেও আছি, সংলাপেও আছি: বিএনপি