‘তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনার সুযোগ নেই’
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে আলোচনার আর কোনো সুযোগ নেই বলে মনে করেন বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ।
শুক্রবার মুন্সীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্কর মেমোরিয়্যাল কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন তিনি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের তুলনায় এখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভাল।
যে দেশে প্রতিসপ্তাহে ক্রসফায়ারে অসংখ্য লোক মারা যেত, যে দেশে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল, সেই দেশের পরিস্থিতি একদিনেই ভাল হয়ে যাবে না।
তিনি বলেন, “আমাদের জাতীয় সমস্যাগুলো নিজেদের মধ্যে আলোচনা করেই সমাধান করা যাবে। বিদেশিদের হস্তক্ষেপের প্রয়োজন নেই।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচারসংঘের এক আলোচনাসভায় যোগ দেন মন্ত্রী।
সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে আরো বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলী, মমতাজ বেগম, বাংলাদেশে নিযুক্ত চীনের হাই কমিশনার এইচ ই মিস্টার লি জুন, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল প্রমুখ।
