আ. লীগ-বিএনপির অত্যাচারে মানুষ অতিষ্ঠ: এরশাদ
আওয়ামী লীগ ও বিএনপির অত্যাচারে এদেশের মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বৃহস্পতিবার গাইবান্ধার পলাশবাড়িতে এক পথসভায় তিনি এ কথা বলেন।
উপজেলা জাপা কার্যালয়ের সামনে এই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, জাতীয় পার্টি সন্ত্রাসের রাজনীতি করে না।
যারা পবিত্র কোরআন শরীফে আগুন, মসজিদ হামলা করে ও শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালিয়ে মানুষ হত্যা করে জাতীয় পার্টি তাদের পাশে নেই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে বলেও জানান তিনি।
এরশাদ বলেন, দীর্ঘ আট বছর সফল রাষ্ট্রপতি হিসেবে দেশ পরিচালনা করেছেন তিনি। একমাত্র জাতীয় পার্টিই পারে মানুষের চাওয়া পাওয়ার পবিবর্তন ঘটাতে।
পলাশবাড়ি উপজেলা জাপা সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, দিলারা খন্দকার শিল্পী, ওসমান গনি দুদু, জেলা যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক পলাশ, পলাশবাড়ি উপজেলা ছাত্রসমাজের সম্পাদক এনামুল ইসলাম প্রমুখ।
সভায় এরশাদ আগামী সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনে ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীকে জাতীয় পার্টি প্রার্থী হিসেবে পরিচয় করে দেন।
