২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে গ্রেপ্তার শতাধিক: বিএনপি

দুদিনের হরতালের প্রথম দিন সারাদেশে শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিএনপি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

হেফাজতে ইসলামকে মতিঝিল থেকে তুলতে অভিযানে ‘হত্যার’ প্রতিবাদে বুধবার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

হরতালের প্রথম দিন শেষে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, সারাদেশে ১০৭ জনের বেশি নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত হয়েছে ২১১ জন।

গত সোমবার থেকে সারাদেশে বিরোধী দলের ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

হরতালে ঢাকায় ভ্রাম্যমাণ আদালতে সাতজনকে সাজা দেয়া হয়। এর নিন্দা জানিয়েছেন শামসুজ্জামান।

হরতালে জনগণের স্বতস্ফূর্ত সাড়া মিলেছে দাবি করে বৃহস্পতিবারের কর্মসূচিও সফলের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।

হরতালের প্রথম দিনে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল ছিলো স্বাভাবিক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সচল না থাকলেও অফিস-আদালতে কাজ ছিলো স্বাভাবিক।

ঢাকা ও ঢাকার বাইরে বড় ধরনের কোনো গোলযোগের খবরও পাওয়া যায়নি।