২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের পর সতর্ক থাকতে হবে: আ. লীগ

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে আগের মতো নাশকতা যেন না ঘটে, সেজন্য দেশবাসীকে সতর্ক থাকতে বলেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

জামায়াতে ইসলামীর নেতা মো.কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায়ের আগের দিন বুধবার এক সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেয়া হয়।

গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী ও আব্দুল কাদের মোল্লার রায়ের পর দেশের বিভিন্ন স্থানে ধ্বংসাত্মক কাজ চালায় তাদের দল জামায়াতকর্মীরা।

ওই সময় সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুরের পাশাপাশি ট্রেনে আগুন দেয়া হয়, পুড়িয়ে দেয়া হয় বিদ্যুৎ কেন্দ্র। সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর সহিংসতায় নিহত হয় অর্ধশতাধিক।

এই বিষয়গুলো তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে বলেন, ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য সজাগ ও সতর্ক থাকতে হবে।

“আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশ নির্মাণে যারা ব্রতী তাদের সকলকে স্ব স্ব ক্ষেত্রে সতর্ক অবস্থান নিতে অনুরোধ জানাচ্ছি।”

বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টায় রয়েছে দাবি করে নাসিম বলেন, “তাদের মনে লুকায়িত এই অসৎ রাজনীতির মনোবাসনা দেশবাসী কোনোদিনই বাস্তবায়িত হতে দেবে না।”

বিএনপি-জামায়াত-হেফাজত একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলেও মন্তব্য করেন তিনি।

গত ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের বর্ণনা দিয়ে সব অপতৎপরতা রুখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান নাসিম।

সংবাদ সম্মেলনে নাসিমের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুল,  স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুইয়া ডাবলু, উপ-দপ্তর সম্পদক মৃণাল কান্তি দাস প্রমুখ।