আবারও হাসপাতালে বিএনপি নেতা নজরুল
মস্তিকে কয়েক দফা অস্ত্রোপচার করা হলেও এখনো সুস্থ হননি পুলিশের গুলিতে আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গত ৪ মে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তার মস্তিকের চতুর্থ দফা অস্ত্রোপচার হয়।
বুধবার দুপুরে নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে এখনো বেশ কিছু রাবার বুলেট রয়ে গেছে। চিকিৎসকরা আগে মাথার গুলিগুলো অপসারণ করেছেন। এখনো মাথায় ভীষণ ব্যাথা করে। সারাক্ষন শুয়ে কাটাতে হচ্ছে। ভীষন অস্বস্তির মধ্যে আছি।"
গত ৬ মার্চ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দলের সমাবেশে পুলিশের গুলিবর্ষণে নজরুল ইসলাম খানসহ বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত নজরুল ইসলাম খানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার মস্তিকসহ শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হয়।
পরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল এবং সিঙ্গাপুরের তানতুকসেন ন্যাশনাল নিউরো সায়েন্স হসপিটালে অস্ত্রোপচার করে নজরুল ইসলাম খানের মস্তিকের ভেতর থেকে গুলি ও এর অংশ বিশেষ অপসারণ করা হয়।
আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন নজরুল ইসলাম খান।
দীর্ঘ রাজনৈতিক জীবনে এরকম পরিস্থিতির স্বীকার হননি বলেও জানান তিনি।
ব্যাংকক থেকে গত ৩০ এপ্রিল দেশে ফিরেই তিনি সাংগঠনিক কাজে নেমে পড়েন। গত ১ মে নারায়ণগঞ্জের সোনারগায়ের বালুর মাঠে শ্রমিক দলের শ্রমিক সমাবেশে তিনি সভাপতিত্ব করেন। সেদিন রাতে মাথায় ব্যাথা অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে দ্রুত ভর্তির হওয়া পরামর্শ দেন চিকিৎসকরা।
গুলিবিদ্ধ সমস্যার পাশাপাশি ডায়াবেটিক এর মাত্রা বেড়ে যাওয়ায় ২ মে রাতে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
