২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসও মুক্ত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আবদুল্লাহ আল নোমানের পর মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 11:09 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

এক মাস কারাভোগের পর উচ্চ আদালতের জামিনে মঙ্গলবার দুপুরে বারডেম হাসপাতাল থেকে মুক্ত হন মির্জা আব্বাস। কারা হেফাজতে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জাতীয়তাবাদী তাঁতী দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে মির্জা আব্বাসের পাহারায় থাকা কারারক্ষী ও পুলিশ প্রত্যাহার করে নেয়া হয়েছে।

তবে কারামুক্ত হলেও অসুস্থতার কারণে বিএনপি নেতা আপাতত হাসপাতালেই থাকছেন।

জাহাঙ্গীর বলেন, মির্জা আব্বাস চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি কেবিনেই থাকবেন।

মুক্তির পর দলের নেতা-কর্মীরা মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেন। এরপর চিকিৎসকদের পরামর্শ নিয়ে কিছু সময়ের জন্য শাহজাহানপুরের বাসার পথে রওনা হন তিনি। পরে আবার তিনি হাসপাতালে ফিরবেন।

গত  ৭ এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আবদুল্লাহ আল নোমানের সঙ্গে মির্জা আব্বাসকেও কারাগারে পাঠায় আদালত। তাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ ছয়টি মামলা করে পুলিশ।

এরপর সোমবার কারাগার থেকে মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল। সহসভাপতি নোমান মুক্তি পান মঙ্গলবার সকালে।

মওদুদ আহমদ, জয়নুল আবদিন ফারুক, বরকতউল্লাহ বুলু, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এর আগে মুক্তি পেয়েছেন।