২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোটের বছরে সাম্প্রদায়িক পেশি প্রদর্শন’

লং মার্চ কর্মসূচিতে বিপুল জনসমাগমের এক মাস না পেরোতেই হেফাজতে ইসলামের রাজধানী অবরুদ্ধ করে ফেলার ঘটনাকে নির্বাচনের বছরে অরাজনৈতিক সংগঠনের ব্যানারে সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 09:36 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

অতীতে নানা বিষয়ে সাম্প্রদায়িক বক্তব্য নিয়ে ‘রাজনীতির হালে পানি না পেলেও’ এবার কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতের নামে একত্রিত হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি ধর্মীয় রাজনৈতিক দল; কোনো কোনো পর‌্যবেক্ষক যাদের মধ্যে ‘সৎ রাজনৈতিক উদ্দেশ্য’ দেখছেন না।

এপ্রিল মাসের ৬ তারিখ তথাকথিত নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে চট্টগ্রামভিত্তিক মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের দলটি রাজধানীতে এসে বিরাট এক সমাবেশের আয়োজন করে এবং সরকারের কাছে ১৩ দফা দাবি তোলে। খোদ প্রধানমন্ত্রী তাদের দাবির সঙ্গে সহমর্মিতা প্রকাশ করলেও অবরোধ কর্মসূচি বহাল রাখে তারা। প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে প্রধান বিরোধী দল তাদের ২ মের হরতাল তুলে নিলেও অবরোধে সমর্থন দেয়।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেফাজতে ইসলাম কোনোভাই রাজনীতি বিবর্জিত নয়। তাদের নেতাদের ব্যাকগ্রাউন্ড ও কর্মকাণ্ডের তথ্যসংগ্রহ করলে দেখা যাবে তারা রাজনীতি সম্পৃক্ত ছিলেন। এখন মাদ্রাসা ও মসজিদভিত্তিক প্রচার চালিয়ে ধর্মীয় অনুভূতিকে সামনে এনে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করছে।”

নতুন সংগঠনের এই চেহারাকে ‘মুখোশ’ হিসাবে উল্লেখ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ।

তিনি বলেন, “সন্দেহ নেই- এরা সাম্প্রদায়িক শক্তি। এখন রাজনীতিতে পেশিশক্তির প্রদর্শন করছে। ধর্ম ব্যবহার করে অসাম্প্রদায়িক রাষ্ট্রের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে হেফাজতে ইসলাম। জামায়াত-শিবির, ছাত্র সংঘ ও পুরনো রাজনৈতিক সমমনাদের নিয়ে নতুন আবরণে তাদের উত্থান। বলতে গেলে- জামায়াতেই আরেকটি টিম এ সংগঠন।”

জামায়াত-শিবির নিষিদ্ধ হলে এ সংগঠনটিই তাদের নতুন সংস্করণ হিসাবে মাঠে নামবে বলে মনে করেন তিনি।

অধ্যাপক হারুন বলেন, “ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলামী পার্টির মতো কিছু সংগঠনের নেতাকর্মীরা নতুন মুখোশ নিয়ে হেফাজতের সঙ্গে শামিল হয়েছে। তাদের আয়ের উৎসও এক। তাদের ১৩ দফা দাবিতে যুদ্ধারপরাধীদের বিচারের কথা নেই। তাতে স্পষ্ট হয়- তাদের লক্ষ্য উদ্দেশ্য কী!”

রাজনৈতিক অঙ্গনে প্রধান প্রধান দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি মাঠে কম হওয়ায় হেফাজতে ইসলামের উপস্থিতিকে ‘বড় দেখাচ্ছে’ বলেও মনে করেন তিনি।

“সাধারণ মানুষকে জিম্মি করে, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে- হেফাজতের রাজনৈতিক অভিলাষ নেই-এ কথা আর বলা যাবে না। বরং আগামীতে এ সংগঠনটি রাজনৈতিকভাবে উত্থান ঘটানোয় সচেষ্ট থাকবে।”

হেফাজতে ইসলাম দাবি করে আসছে, তাদের কোনো ‘রাজনৈতিক অভিলাষ’ নেই। জামায়াত-শিবিরের সঙ্গে এ সংগঠনের কোনা সম্পৃক্ততা নেই। তবে, গত ৬ এপ্রিল মহাসমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে সংহতি জানাতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নেতারা। মহাজোটের শরিক জাপাও সমাবেশে সংহতি প্রকাশ করেন।

জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংগঠনটির আন্দোলনের ফলে যুক্ত হয়েছে ভোটের সমীকরণ। হেফাজতের উত্থানে ভোটের মাঠের খেলোয়াড়রা বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সুযোগ নিচ্ছে।

“বিরোধী দল যে দরকষাকষি করছে সেখানে হেফাজতের আন্দোলন সরকারের ওপর বা সরকারের বিরুদ্ধে শক্তি যুক্ত করছে। হেফাজতের দাবি-দাওয়ার পক্ষে বিএনপির আদর্শগত সহাবস্থান থাকার কথা নয়; কিন্তু তা গণতান্ত্রিক-রাজনৈতিক শক্তির ক্ষতি করছে। বিরোধী দলের সমর্থন ভবিষ্যতের বিচারে তাদের বিপক্ষেই যাবে।”

তবে হেফাজতের উত্থানকে সরাসরি ‘মৌলবাদী উত্থান’ বলতে রাজি নন তিনি।

তিনি বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে ‘মৌলবাদীর’ সংজ্ঞা রয়েছে। আমাদের দেশের সমস্যাকে নিজেদের মতো বিচার করতে হবে। হুবহু তাদেরকে মৌলবাদী না বললেও ধর্মীয় আবরণে ১৩ দফা দাবিকে একই চরিত্রের বহিঃপ্রকাশ বলা যায়। যা সব রকম পরিবর্তনের বিপক্ষে, গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে। গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এ সংগঠনকে সমর্থন দিয়ে বিরোধী দলই ক্ষতিগ্রস্ত হবে বেশি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “ধর্মের নামে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে হেফাজতে ইসলামের কর্মসূচি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা নিজেদের মতামত অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতার এই অধ্যাপক বলেন, “২০১৩ সালে এসে তাদের আকস্মিক উত্থান ঘটেনি। সমমনা আগের অনেক রাজনৈতিক দলের সঙ্গে সংগঠনটির যোগাযোগ রয়েছে। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে- যে কোনোভাবে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা। ধর্ম ব্যবসায়ী ও জামায়াত-শিবিরের সঙ্গে তাদের সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে।”