২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী মাঝে মাঝে অসত্য বলেন: আন্দালিব পার্থ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ইসলাম শিক্ষা দেয়ার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 07:52 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শনিবার বিকালে শাপলা চত্বরে ১৮ দলীয় জোটের সমাবেশে তিনি বলেন, “গতকাল সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী দেশের জনগণকে ইসলাম শিক্ষা দেয়ার চেষ্টা করেছেন। আপনার ইসলাম সম্পর্কে মানুষ জানে। আপনি মাঝে মাঝে অসত্য কথা বলেন এ কথাও জনগণ জানে।”

বাবা নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর তার আসন থেকে নির্বাচন করে জয়ী হন আন্দালিব। পরে দলের চেয়ারম্যানও হন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে কটুক্তিকারী ব্লগারদের ব্যাপারে সরকারের মনোভাবের সমালোচনা করে আন্দালিব পার্থ বলেন, “প্রধানমন্ত্রীর ব্যঙ্গ কার্টুন অঙ্কনকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। অথচ যারা মহানবীর বিরুদ্ধে কটুক্তি করেছে, তাদের কেনো আড়াই মাস লাগলো গ্রেপ্তার করতে। তা দেশের মানুষ জানতে চায়।”

গত ১৮ এপ্রিল টেলিভিশনে এক অনুষ্ঠানে গ্রেপ্তার চার ব্লগারকে ধর্ম অবমাননার দায়ে ‘কান ধরে বসিয়ে রাখা’ উচিত ছিল বলে মন্তব্য করেন পার্থ, যে কারণে সোস্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।