হেফাজতের অবরোধে খালেদার সমর্থন
হেফাজতে ইসলামের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচিকে সমর্থন দিয়েছেন খালেদা জিয়া।
শনিবার বিকালে শাপলা চত্বরে সমাবেশে তিনি বলেন, “আলেমারা দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমেছেন। মহানবী (সা.) এর বিরুদ্ধে যারা বাজে কথা বলেছেন, তাদের শাস্তির দাবিতে আলেম-উলামারা এই আন্দোলন করছেন। তার জন্য আমি তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানাই।”
ইসলামকে অবমাননার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে ১৩ দফা দাবি আদায়ে রোববার ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম।
সরকারকে হুঁশিয়ার করে বিএনপি চেয়ারপারসন বলেন, “দেশের আলেম-উলামারা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছেন। আমরা মনে করি, গণতান্ত্রিক দেশে সবারই গণতান্ত্রিক কর্মসূচি করার অধিকার রয়েছে। সরকারকে বলব, তাদের কর্মসূচিতে বাঁধার সৃষ্টি করবেন না।”
আলেম সমাজকে দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ বলে অভিহিত করেন বিরোধী দলীয় নেতা।
প্রসঙ্গ জঙ্গি ও শাহবাগ
খালেদা জিয়া অভিযোগ করে বলেন, “সরকার হেফাজতে ইসলামের আলেম-উলামাদের বিদেশিদের কাছে জঙ্গি ও তালেবান হিসেবে আখ্যা দিচ্ছে। আমাদের আলেম সমাজ ঐক্যবদ্ধ। এদেশের মানুষ জঙ্গি নয়। এটি সরকারের অপপ্রচার ও মিথ্যাচার।”
শাহবাগের তরুণ প্রজন্মের সমালোচনাও করেন বিরোধী দলীয় নেতা।
তিনি বলেন, “শাহবাগের যারা আছে, তারা তরুণ নয়। তারা সরকারের দুর্নীতি, হলমার্ক, ডেসটিনি, পদ্মাসেতুর দুর্নীতির কথা বলে না। তারা তোতা পাখির মতো একটি বুলি আওড়াচ্ছে।”
“আমরা জানি শাহবাগে ওদের কারা বসিয়েছে। বাংলাদেশের মানুষেরও বুঝতে বাকী নেই।”
প্রসঙ্গ যুদ্ধাপরাধীর বিচার
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে খালেদা জিয়া দলের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “সরকার সব সময় বলে আমরা নাকি যুদ্ধাপরাধী বিচার বাধাগ্রস্ত করতে আন্দোলন করছি। এটা অপপ্রচার। আমরা যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীর বিচার চাই। তবে সেই বিচার হতে স্বচ্ছ, আন্তর্জাতিক মানের নিরপেক্ষ।”
“জাতিসংঘের আইসিটিও বলেছেন, আজ এই বিচার প্রহসনমূলক। এই বিচার নিয়ে আজ দেশে-বিদেশে প্রশ্ন উঠেছে।”
আগামীতে সরকারে গেলে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধে জড়িতদের সঠিক বিচার করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।
খালেদা বলেন, “আওয়ামী লীগের অনেক যুদ্ধাপরাধী রয়েছে। বিএনপির ক্ষমতায় গেলে তাদের ধরা হবে।”
একাত্তর সালে সরকারি কর্মকর্তা হিসেবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর রাজাকারদের নিয়োগ দিয়েছিলেন জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, “রাজকার কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়। তার তো আজ কারাগারে থাকার কথা ছিল।”
