হেফাজতের দাবি মেনে নিন: এরশাদ
হেফাজতে ইসলামের ‘ন্যায় সঙ্গত’ দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তাদের রোববারের অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্নে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বানও জানিয়েছেন মহাজোটের শরিক দলের এই নেতা।
শনিবার জাতীয় পার্টির এক বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলাম শুধুমাত্র ইসলামের মর্যাদা রক্ষা এবং ধর্মীয় অনুভূতির স্বার্থে কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
“সরকারের উচিত তাদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেয়া। আমি বিশ্বাস করি, হেফাজতে ইসলামের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”
জাতীয় পার্টির নেতাকর্মীরাও হেফাজতের কর্মসূচিতে সহযোগিতা করবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আশা করি সরকারের পক্ষ থেকেও শান্তিপূর্ণ এই অবরোধ কর্মসূচিতে সহযোগিতা করা হবে।
“ইসলাম এবং মহানবী (সা.)-এর প্রশ্নে হেফাজতের দাবির প্রতি পূর্বেও আমাদের পূর্ণ সমর্থন ছিল এবং এখনো আছে।”
গত ৫ মে’র লংমর্চে ঢাকায় প্রবেশমুখে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের পানি পান করায় জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে হেফাজতকর্মীদের মহাসমাবেশে যোগ দিতে সহায়তাও করেন।
