২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলা জামায়াতের নেতা ঢাকায় গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ ও ফেনীর দুই নেতাকে রাজধানীতে হাতবোমা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 03:57 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শাপলা চত্বরে ১৮ দলের সমাবেশের ১২ ঘণ্টা আগে উত্তরার একটি বাড়ি এবং মতিঝিলের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির নজরুল ইসলামকে (৫৩) উত্তরা এবং ফেনীর নায়েবে আমির মো. আবু বাকেরকে (৪২) মতিঝিল থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে জামায়াত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ১৮ দলের সমাবেশ বানচালের উদ্দেশ্যে জামায়াতসহ বিরোধী দলের নেতাদের ‘হয়রানিমূলক’ গ্রেপ্তার করা হচ্ছে।

উত্তরা চার নম্বর সেক্টরের সাত নম্বর সড়কের একটি বাড়ি থেকে শনিবার ভোররাতে নজরুলের সঙ্গে আব্দুল লতিফ (৪৮) নামে আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যার-১ এর অধিনায়ক কিসমৎ হায়াত জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাড়িতে তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও ১০টি হাতবোমা পাওয়া গেছে।

নজরুল ইসলামের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের সদর থানায় পাঁচটি এবং লতিফের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ভোররাতে মতিঝিলের হোটেল এশিয়া ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে ১২টি হাতবোমাসহ আবু বাকেরকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার মো. আনিসুজ্জামান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিঝিলের জনসভাকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো আনা হয়েছিলো।

র‌্যাব জানিয়েছে, শুক্রবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের আরো দুজনকে আটক করা হয়েছে।