ফটিকছড়ির ‘হোতাদের’ রেহাই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ফটিকছড়িতে গুজব ছড়িয়ে হরতালবিরোধী মিছিলে হামলার হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা এই ঘটনার নায়ক হিসাবে কাজ করেছে, তাদের কাউকে নিস্তার দেবো না। তাদের প্রচলিত বিচারের আওতায় এনে প্রমাণ করবো, বাংলাদেশ অপরাধীদের স্বর্গরাজ্য নয়।”
চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে গত ১১ এপ্রিল আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে তিনজন নিহত হন।
মাদ্রাসায় হামলার গুজব ছড়িয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা স্থানীয়দের নিয়ে ওই হামলা চালায় বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।
মন্ত্রী বলেন, “জন্ম থেকে জন্মান্তরে যারা এ ধরনের অপরাধ করে তারা স্বরণ রাখবে- সরকার কতটা কঠোর থেকে কঠোরতর হতে পারে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি যখন সংসদে বক্তব্য রাখছেন, ঠিক তখনো ভুজপুরে পুলিশের অভিযান চলছে।
১১ এপ্রিলের হামলার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
