২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াপল্টনে ছাত্রদলের মিছিল, ভাংচুর

রাজধানীর নয়াপল্টনে হরতালের সমর্থনে ছাত্রদলের একটি মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 06:58 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

এ সময় ছাত্রদল কর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে পল্টন থানার ওসি গোলাম সারোয়ার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার বেলা সোয়া ১২টার দিকে ছাত্রদল কর্মীরা বিএনপি অফিসের কাছাকাছি গলি থেকে মিছিল বের করে। পুলিশ তাদের বাধা দিলে তারা ঢিল ছুড়তে শুরু করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় টিয়ার গ্যাসের শেল ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ওসি জানান, পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় তিন চারটি গাড়ি ভাংচুর করে ছাত্রদল কর্মীরা।

শীর্ষ নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী মঙ্গলবার থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

আদালত রোববার মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ সাত নেতার জামিন নাকচ করে  দেয়ার পর  গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে হরতালের এই ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।