উস্কানিতে কাজ হবে না: নাসিম
উস্কানি দিয়েও খালেদা জিয়া সশস্ত্র বাহিনীকে দিয়ে সংবিধানবিরোধী কাজ করাতে পারবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
“বাংলাদেশের তিন বাহিনী প্রধানদের সোমবারের বক্তব্যে তা স্পষ্ট হয়েছে, তারা সংবিধানের বাইরে কোন পদক্ষেপ গ্রহণ করবেন না।”
বঙ্গবন্ধ একাডেমির ঢাকা মহানগর শাখা ফটিকছড়িতে জামায়াত-বিএনপি’র সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশের আযোজন করে।
গত ২৪ মার্চ বগুড়ায় এক জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশে ‘শান্তি’ রক্ষার প্রয়োজনে প্রতিরক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ভূমিকা প্রত্যাশা করে বক্তব্য দেন।
তিনি বলেছিলেন “আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষায় কাজ করে। দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না। তারা সময়মতো দায়িত্ব পালন করবে।”
অবশ্য একদিন পর খালেদার ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সেনা হস্তক্ষেপের কথা বিরোধীদলীয় নেতা বলেননি। গণমাধ্যমে ওই বক্তব্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি।
বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে নাসিম বলেন, “বিএনপির অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন। আমরাও বিরোধী দলে থাকতে গ্রেপ্তার হয়েছিলাম। আমরা আইনের মাধ্যমে বেরিয়ে এসেছি। আমরা চাই না তারা জেলে থাকুক। তারা আমাদের বিরোধী দল হতে পারে কিন্তু আমাদের প্রতিপক্ষ নয়।”
তবে একমাত্র আইনি পন্থায় আটকরা মুক্তি পেতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
সংগঠনের উপদেষ্টা হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
